বরাকে বাংলা সিনেমা দেখাতে হবে বরাক ইয়ুথ ফ্রন্টের দাবি
নয়া ঠাহর, শিলচর'বাংলা সিনেমা প্রদর্শনের জন্য শিলচরের গোল্ড সিনেমা হলের ম্যানেজারকে স্মারক পত্র প্রদান করল বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট
বরাকের সরকারি ভাষা বাংলা এবং বরাক উপত্যকায় প্রায় ৯০% বাংলা ভাষাভাষী মানুষের বাস। স্বভাবতই বাংলা সিনেমা দেখার এক স্বাভাবিক চাহিদা এখানকার জনমানসের মধ্যে বিদ্যমান। কিন্তু শিলচর সহ উপত্যকার অন্যান্য শহরের হলগুলিতে কেবল হিন্দি সিনেমা দেখানো হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বি.ডি.ওয়াই.এফ.
ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত এদিন বলেন যে বিগত কয়েক বছরে বেশ কয়েকটি ভালো বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। প্রসঙ্গক্রমে তিনি গুমনামি, গোলন্দাজ, মহাশ্বেতা দেবীর জীবনী আশ্রিত ছবি "মহানন্দা" এবং অতি সম্প্রতি মুক্ত পাওয়া "অপরাজিত" র কথা উল্লেখ করেন। এইসব ছবি ইউটিউবে কবে প্রকাশ পাবে তার জন্য উপত্যকার বাংলা সিনেমাপ্রেমী মানুষদের তীর্থের কাকের মতো অপেক্ষায় বসে থাকতে হয়।
তিনি আরও বলেন যে হলগুলো প্রায়ই তাদের সপক্ষে এই যুক্তি দেয় যে বাংলা সিনেমা দেখতে লোক হয় না। এই যুক্তি ছেঁদো কারণ যদি বাংলা সিনেমা দেখানোই হয় না তবে বাংলা সিনেমা দেখার আকাঙ্খা কিভাবে তৈরি হবে? তিনি বিভিন্ন রাজনৈতিক কর্তা ব্যক্তিদেরও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন যে গত কয়েকমাস পূর্বে প্রায় অখ্যাত এক পরিচালকের ছবি দেখানোর জন্য তারা তৎপর হয়ে উঠেছিলেন। বাংলা সিনেমা দেখানোর ক্ষেত্রেও তারা এ ধরনের ইতিবাচক পদক্ষেপ নেবেন বলে তিনি আশাবাদী।
এদিন সংস্থার পক্ষ থেকে শিলচরের গোল্ড সিনেমা হলের ম্যানেজারকে এই মর্মে একটি স্মারকপত্র প্রদান করা হয়। মুখ্য আহবায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ফ্রন্টের উপদেষ্টা হৃষীকেশ দে, আহ্বায়ক দেবায়ন দেব, আহ্বায়ক বাহার আহমেদ চৌধুরী প্রমুখ।
এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন ইয়ুথ ফ্রন্টের মিডিয়া সেলের সদস্য দীপজ্যোতি গুণ।








কোন মন্তব্য নেই