গুরু গোবিন্দ সিংহের জন্মদিন পালন কালাইনছড়া গুরুদ্বারে
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ কাটিগড়া বিধানসভা এলাকার কালাইনছড়া গুরুদ্বারে সাড়ম্বরে পালিত হলো শিখ ধর্মের দশম ধর্ম গুরু গোবিন্দ সিংহের জন্মদিন।এউপলক্ষে রবিবার দিনভর গুরুদ্বারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই গুরুদ্বারে ভক্তদের জমায়েত লক্ষ্য করা যায়। গুরুর প্রতি প্রণাম নিবেদন, প্রসাদ বিতরণ সব কিছুই চলে এদিন।দুপুরে ভাণ্ডারায় রুটি, সব্জি, ডাল, ভাত, সুজির হালুয়া সহ বিভিন্ন ফলমূলাদি বিতরণ করা হয়।গুরুদ্বারের ঝটেদার অর্থাৎ পুরোহিত বলদেব সিংহ জানান, গুরু গোবিন্দ সিংহ ছিলেন শিখধর্মের দশম গুরু। তিনি ১৬৬৬ সালের ২২ ডিসেম্বর বর্তমান বিহারের পাটনা শহরে জন্মগ্রহণ করেন। ১৬৭৫ সালের ১১ নভেম্বর মাত্র নয় বছর বয়সে পিতা গুরু তেগ বাহাদুরের স্থলাভিষিক্ত হন তিনি। গুরু গোবিন্দ সিংহ ছিলেন শিখ জাতির নেতা, যোদ্ধা, কবি ও দার্শনিক। শিখ সমাজে গুরু গোবিন্দ আদর্শ পৌরুষের প্রতীক। তিনি তাঁর উচ্চশিক্ষা, দক্ষ অশ্বচালনা, সশস্ত্র যুদ্ধবিদ্যায় পটুতা ও চারিত্র্য দাক্ষিণ্যের জন্য প্রসিদ্ধ। শিখদের আদর্শ ও দৈনন্দিন জীবনে গুরু গোবিন্দ সিংহের জীবন ও শিক্ষার প্রভাব সুদূর প্রসারী। তার খালসা প্রবর্তন শিখ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি মুঘল ও শিবালিক পার্বত্য অঞ্চলের মুঘল সহকারী রাজাদের সঙ্গে কুড়িটি আত্মরক্ষামূলক যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। গুরু গোবিন্দই শেষ মানব শিখ গুরু। ১৭০৮ সালের ৭ অক্টোবর তিনি শিখধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে শিখদের পরবর্তী এবং চিরস্থায়ী গুরু বলে ঘোষণা করেন। এদিনে গুরুদ্বারে উপস্থিত ছিলেন শিলচরের রসপাল সিংহ, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সৎসঙ্গ প্রমুখ দিলীপ দে, বিভাগ সংগঠন মন্ত্রী প্রদীপ বৈষ্ণব, পশ্চিম কাছাড় জেলা সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, প্রচার প্রমুখ শমীন্দ্র পাল, বিজেপি নেতা অলক কুমার দাস সহ অন্যরা।









কোন মন্তব্য নেই