বেকারদের কর্মসংস্থানের সুযোগ না দেওয়া অবধি মাসিক বেকার ভাতা দিন অসম সরকার : প্রদীপ দত্তরায়ের
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ সম্প্রতি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ২ লক্ষ বেকার, যারা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত, তাঁদের
ব্যবসায়িক উদ্যোগের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে সরকারি অনুদান দেবার ঘোষণা
করেছেন। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বরাক
ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়। এক প্রেস বার্তায় প্রদীপ
দত্তরায় বলেন, প্রথমত এই সামান্য অনুদান এইসব বেকারদের কোনো কাজেই আসবেনা,
কারণ আজকের দিনে এই টাকা দিয়ে কোন অর্থকরী সংস্থানের ব্যবস্থা করা
প্রায় অসম্ভব। ফলে এই টাকা কেউ পেলেও তা অন্য কোন উদ্দেশ্যে ব্যয় হবে ও এই
প্রস্তাবিত ১০০০ কোটি টাকা, যা জনগণেরই শ্রমার্জিত তার
সম্পূর্ণ অপচয় হবে।
দ্বিতীয়ত,
সমগ্র অসমে প্রায় ২৫ লক্ষ বেকার রয়েছেন এবং শুধু বরাক উপত্যকাতেই
নথিবদ্ধ বেকারের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি। তাই সরকার দু'লক্ষকে কিভাবে
বেছে নেবেন? তাহলে কি বিজেপির প্রতি যাদের রাজনৈতিক আনুগত্য
রয়েছে তাঁরাই এই অনুদানের যোগ্য বলে পরোক্ষে বিবেচিত হবেন ?
প্রদীপ
দত্ত রায় বলেন, নির্বাচনের আগে শাসক দলের অনুগত ক্যাডারের সংখ্যা বাড়ানোর জন্যই
এই যোজনার কথা ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে বেকারদের প্রকৃত উন্নয়নের কোনো
সম্পর্ক নেই। বি ডি এফ-এর মুখ্য আহ্বায়ক এদিন আরও বলেন, প্রধানমন্ত্রীর বছরে দুই
কোটি চাকরির প্রতিশ্রুতি যে নিতান্তই অসার তা আর বলার অপেক্ষা রাখেনা। দু'কোটি তো
দুরে থাক, উল্টে গত এক বছরে চাকরি খুইয়েছেন এককোটি লোক। সারা
দেশের ভয়াবহ বেকার সমস্যার জন্য উদ্বেগ প্রকাশ করে প্রদীপ বাবু বলেন, স্থানীয়
আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে ৩০০ ছাত্রছাত্রী স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে
বেরোচ্ছেন তাদের অধিকাংশই কর্মহীন হয়ে হতাশাগ্রস্থ জীবন কাটাচ্ছেন।
তিনি
বলেন, বর্তমানে বরাকের শহরে, গ্রামে ঘরে ঘরে এই সমস্যা।
হতাশাগ্রস্থ এই বেকার যুবকরা নেশার দিকে ঝুঁকছেন, প্রতিটি শহরে ইদানীং এইসব উপসর্গ বাড়ছে। তার সাথে অনৈতিক,
অসামাজিক কার্যকলাপেও অনেকে লিপ্ত হচ্ছেন, অবনতি
হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির।
প্রদীপবাবু
ক্ষোভ প্রকাশ করে বলেন, এই জ্বলন্ত সমস্যা সমাধানে সরকারের কোনো পরিকল্পনাই নেই।
উল্টে এনার্সি বা আসাম চুক্তির ৬ নং ধারা বাস্তবায়নের মতো অর্বাচীন এবং অবান্তর
বিষয় নিয়ে সরকার বিগত পাঁচ বৎসর অতিবাহিত করেছেন।
প্রদীপ
দত্তরায় বলেন, কর্মসংস্থান প্রতিটি মানুষের সংবিধান প্রদত্ত অধিকার, কাজেই
যতদিন বরাকের বেকারদের সরকার চাকরি দিতে না পারছে ততদিন মাসিক হিসেবে মাধ্যমিক
উত্তীর্ণদের পাঁচ হাজার, উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের সাত হাজার, স্নাতকদের
দশ হাজার এবং স্নাতকোত্তরদের প্রতিমাসে পনের হাজার
করে বেকার ভাতা দিতে হবে। অন্যথা, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বরাকের বেকার যুবক যুবতীদের নিয়ে আন্দোলনে
নামবে, জনগনের ঘরে ঘরে গিয়ে এই ইস্যুতে ঐক্যবদ্ধ হবার
আহ্বান জানাবে।
তিনি
হুঁশিয়ারি দিয়ে বলেন, আসামের ২৫ লক্ষ বেকার কিন্তু এই সরকারের কাজকর্মে মোটেই
সন্তুষ্ট নয় এবং ঐক্যবদ্ধ হলে তারা অনায়াসে আগামী নির্বাচনে এই সরকারকে
ক্ষমতাচ্যুত করতে পারে। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি সৎসাহস
থাকে তো সরকার বরাক উপত্যকা থেকে যারা উপরোক্ত ৫০ হাজার টাকা অনুদানের জন্য
চিহ্নিত হবেন তাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করুক। তারা
বিজেপির প্রতি রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে এ সুযোগ পাচ্ছেন কিনা এটা অবশ্যই জনগণ
বিচার করবেন।









কোন মন্তব্য নেই