শনিবার রাজ্যে করোনা সংক্রমণে সুস্থতার হার ৯৫ শতাংশ, চিকিৎসাধীনের সংখ্যা ১০ হাজারেরও নীচে
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ
শনিবার রাজ্যে সুস্থতার হার প্রথমবার ৯৫ শতাংশ পার করে গেল। মৃতের সংখ্যা মাত্র ৪
জন। সেই সঙ্গে পজিটিভের হার আরও কমে গেল।
এদিন রাজ্যে মারা গিয়েছেন নগাঁওয়ের অবনী গোস্বামী(৫৫),
গোলাঘাটের চন্দ্র সিং নাহাক(৭০), ডিমা
হাসাওয়ের বিসতি সাংমা(৫০) এবং বঙাইগাঁওয়ের
হরেন রায়(৭৫)। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছেন ৯৩০ জন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত
২৪ ঘণ্টায় রাজ্যে ২৬,০২২টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে নতুন করে করোনা পজিটিভ ধরা
পরেছে ৩৩৬ জনের। এর মধ্যে কামরূপ মেট্রোয় আক্রান্ত হয়েছেন ৯৯ জন। শতাংশের হিসেবে
করোনা পজিটিভের হার দাঁড়িয়েছে ১.২৯ শতাংশে। এখন পর্যন্ত রাজ্যে
মোট ২ লক্ষ ৬ হাজার ৩৫১ জন করোনায় আক্রান্ত হলেন। এদিকে, শনিবার হাসপাতাল থেকে
ছাড়া পেয়েছেন ১৩৮৬ জন। এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গেলেন মোট ১
লক্ষ ৯৬ হাজার ৫১ জন। এখন হাসপাতালে ভর্তি আছেন মাত্র ৯,৩৬৭
জন।
পুজোয় নিয়ন্ত্রণ ও কোভিডবিধি মেনে চলায় অসমবাসীকে ধন্যবাদ দেন
স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, সতর্কতার
রাশ আলগা করা চলবে না।
এর মধ্যেই ২ নভেম্বর থেকে রাজ্যে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির
ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে,
ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা সোম,
বুধ ও শুক্রবার স্কুলে যাবে। সপ্তম, নবম,
একাদশের ছাত্রছাত্রীরা যাবে মঙ্গল, বৃহস্পতি
ও শনিবার। ছাত্রছাত্রীরা সকাল ৮টা-১২টা ও বেলা সাড়ে ১২টা-সাড়ে তিনটে- এই দুই
ব্যাচে ক্লাস করবে।
তিনি আরও জানান, বাইরে থেকে ট্রেন বা বিমানে আসা যাত্রীরা ৭২
ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট সঙ্গে আনলে আর পরীক্ষা করাতে
হবে না। ১০ বছরের নীচের শিশুদের বাবা-মায়ের পরীক্ষা করালেই চলবে।









কোন মন্তব্য নেই