নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ উত্তরপ্ৰদেশের হাথরসের দলিত কন্যা মনীষা বাল্মিকীর গণ ধর্ষণ ও হত্যার ঘটনার আজ এক মাসেরও বেশি সময় হয়ে গেলেও এখনও পর্যন্ত দোষীরা শাস্তি পেল না। দেশে বিভিন্ন জায়গায় কত নারী নির্যাতিত হচ্ছে তার কোনও হিসেব নেই। নারীদের প্ৰতি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দেশজোড়া বিভিন্ন নারী সংগঠনগুলোর ডাকে সারা দিয়েছে অসমের বিভিন্ন নারী সংগঠনও। বৃহস্পতিবার সকালে মহানগরের গুয়াহাটি ক্লাব এলাকার বেজবরুয়া চকে নারীদের প্ৰতি হওয়া অন্যায় অবিচারের বিরুদ্ধে সরব হয়েছে অসমের চারটি মহিলা সংগঠন।

এদিন ‘অসম মহিলা সংঘ’, ‘নর্থইস্ট নেটওয়ার্ক’, ‘সদৌ অসম প্ৰগতিশীল নারী সংস্থা’ এবং ‘নিখিল ভারত গণতান্ত্ৰিক মহিলা সমিতি’র সদস্যরা মুখে মাস্ক পড়ে, হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে, মুখে বিভিন্ন শ্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলেছেন। সরকারের কাছে তাদের দাবি দাওয়া গুলো হচ্ছে- নারীর বিরুদ্ধে অপরাধ ঠেকাতে কড়া ব্যবস্থা গ্ৰহণ করা হোক, আদালতে বিচারাধীন ধর্ষণ এবং হত্যার কেসগুলো ফার্স্ট-ট্ৰ্যাক আদালতে নিয়ে শীঘ্ৰই বিচার করা হোক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, নারী ও শিশুর সুরক্ষায় কড়া আইন প্ৰণয়ন করা হোক, উত্তরপ্ৰদেশের হাথরসের ঘটনায় ভুক্তভোগীদের পরিজনদের যত শীঘ্ৰ সম্ভব ন্যায় দেওয়া হোক, পিতৃসত্তা এবং জাতিবাদ নির্মূল করা হোক। এদিন চার মহিলা সংগঠনের প্ৰায় অর্ধশতাধিক মহিলা সদস্য বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত মহানগরের রাস্তার ধারে মোদি সরকারের বিরুদ্ধে প্ৰতিবাদে সরব হয়েছেন।
কোন মন্তব্য নেই