Header Ads

কোভিড ১৯ সংক্রমণ ও লকডাউনের প্রেক্ষিতে ২৯ জন অর্থনীতিবিদদের পরামর্শক্রমে মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স গঠন করে ১০০ দিনের রোড ম্যাপ প্রস্তুত করলেন



অমল গুপ্ত, গুয়াহাটি : করোনা সংক্রমণ ও লকডাউনের উদ্ভূত পরিস্থিতিতে অসমের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার এক টাস্ক ফোর্স গঠন করে জেলা পর্যায় থেকে ব্লক পর্যায় পর্যন্ত এই টাস্ক ফোর্স সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। এছাড়া, ১০০ দিনের রোড ম্যাপও প্রস্তুত করেছে। আজ খানাপাড়া এডমিনিষ্ট্রটেটিভ স্টাফ কলেজের প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে এই টাস্ক ফোর্স গঠন করা হয়। রাজ্যের ২৯ জন বিশিষ্ট অর্থনীতিবিদরা এই আলোচনায় অংশগ্রহণ করেন। তাদের পরামর্শ মেনে ১০০ দিনের সময়ভিত্তিক রোড ম্যাপও তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, অসম আজও করোনা সংক্রমণ থেকে মুক্ত হতে পারেনি। লকডাউন চলছে, প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে সরকার পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে। রাজ্যের আর্থিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করবে। তিনি বলেন,  লকডাউনের সময় বাইরের রাজ্য থেকে প্রায় ১০ লক্ষ কর্মক্ষম যুবক অসমে এসেছেন। তাদের বোঝা হিসাবে না নিয়ে সম্পদ হিসাবে গ্রহণ করে রাজ্যের উন্নয়নে কাজে লাগাতে হবে। অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, গত তিন বছরে রাজ্যের আর্থিক অবস্থা বৃদ্ধির হার ছিল ১২ থেকে ১৬ শতাংশ।  প্রায় ১৩ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছিল। লকডাউনের ফলে উন্নয়নমূলক কাজে বাধার সৃষ্টি হবে। অসম চেম্বার অব কমার্স-এর প্রতিনিধিরা লকডাউন পরবর্তী আর্থিক পরিস্থিতি সার্ভে করবে বলে জানা গেছে। কৃষিমন্ত্রী অতুল বরা, বিপিএফের প্রমীলা রানি ব্রহ্ম, মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী, আইন উপদেষ্টা শান্তনু ভরালি প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.