আইএনএক্স মিডিয়া মামলায় চার্জশিট পেশ সিবিআইয়ের, রয়েছে চিদম্বরম সহ আরো ১৩ জনের নাম
নয়া ঠাহর প্রতিবেদন : আইএনএক্স মিডিয়া মামলার চার্জশিটে প্রাক্তন অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম সহ আরো ১৩ জনের নাম যুক্ত করল সিবিআই। দিল্লির রোউজ কোর্ট অ্যাভেনিউ আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। সোমবার আদালতে উঠবে মামলাটি।
সিবিআইয়ের পেশ করা চার্জশিটে চিদম্বরম সহ নাম রয়েছে তাঁর ছেলে কার্তি চিদম্বরম, আইএনএক্স মিডিয়ার কর্ণধার পিটার মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের।সিবিআই ২০১৭ সালের ১৫মে আইএনএক্স মিডিয়া নিয়ে অভিযোগ দায়ের করেছিল। সিবিআইয়ের অভিযোগ, ২০০৭ সালে চিদম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়াতে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা দেওয়ার ছাড়পত্র দিয়েছিল ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড।
উল্লেখ্য, গত 21 আগস্ট সিবিআই নাটকীয়ভাবে পাঁচিল টপকে গ্রেফতার করেছিল চিদম্বরমকে। যদিও চিদম্বরম তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন। তবে কংগ্রেসের অবশ্য অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকারকে সমালোচনা করার জেরেই চিদম্বরমকে অভিযুক্ত করা হয়েছে।









কোন মন্তব্য নেই