বিগত দুইমাস থেকে হাফলং সরকারি হাসপাতাল চলছে অক্সিজেন সিলিন্ডার ও ঔষুধ ছাড়া
বিপ্লব দেব, হাফলংঃ বিগত দুইমাস থেকে অক্সিজেন সিলিন্ডার ও ঔষুধ ছাড়াই চলছে হাফলং সরকারি হাসপাতাল। ১০০ শয্যা বিশিষ্ট হাফলং সরকারি হাসপাতালে গত দুমাস থেকে রোগীরদের বিনামূল্যে দেওয়া ঔষধ মিলছে না এবং অক্সিজেন সিলিন্ডারের সমস্যা রয়েছে একথা ক্ষোধ স্বীকার করে নিলেন হাসপাতাল সুপার ডঃ কল্পনা কেম্প্রাই।
হাসপাতাল সুপার সাংবাদিকদের জানান চাহিদা মত ঔষধের জন্য ইন্ডেন্ট পাঠিয়ে ঔষধ মিলছে না। তবে কি কারণে এই সমস্যা হচ্ছে এনিয়ে কিছু না বলে তিনি বলেন এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের যুগ্ম সঞ্চালকই ভালো বলতে পারবেন। তবে ডঃ কল্পনা কেম্প্রাই বলেন আগে এই সমস্যা ছিল না তবে বিগত দুইমাস থেকে ঔষধ ও অক্সিজেন সিলিন্ডারের সমস্যা দেখা দিয়েছে। এখানেই শেষ নয় স্বচ্ছতায় রাজ্যের মধ্যে প্রথম পুরষ্কারপ্রাপ্ত হাফলং সরকারি হাসপাতালে জলের সমস্যা দেখা দিয়েছে এতে সমস্যায় পড়েছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা। ডঃ কল্পনা কেম্প্রাই জানান হাফলং সরকারি হাসপাতালে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে জল সরবরাহ করা হয়না। বোরিং করে জল তোলা হয় কিন্তু গত এক সপ্তাহ থেকে যান্ত্রিক গোলযোগের দরুন জলের সমস্যা দেখা দিয়েছে। আর এতেই সমস্যায় পড়েছেন হাফলং সরকারি হাসপাতালের রোগীরা। তবে শীঘ্রই জলের সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান হাসপাতাল সুপার ডঃ কল্পনা কেম্প্রাই।









কোন মন্তব্য নেই