নাগরিক বিল নয়! ২০১৪ ভোটার তালিকা ধরে হোক এন আর সি: ফোরাম
![]() |
| ছবি-সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : এনআরসি সংক্রান্ত যে সব দাবি ফোরাম ফর সোশ্যাল হারমনি দীর্ঘ দিন থেকে বলে আসছে সেগুলি এখন অত্যন্ত প্রাসঙ্গিক। দাবিগুলি হলো-
(১) ২০১৪ সালের ভোটার তালিকার নাম এনআরসিতে তোলা হোক। এই ভোটার তালিকা ফ্রিজ করে 'বিদেশি' ইস্যুর স্থায়ী সমাধান করা হোক।
(২) যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে অনেকেরই পরিবারের অন্যদের নাম উঠেছে। বাদ পড়াদের মধ্যে অনেকেরই রয়েছে অন্য প্রদেশের নথি। এইসব বাদ পড়াদের ক্ষেত্রে দীর্ঘ ট্রাইব্যুনাল প্রক্রিয়ায় না এনে প্রশাসনিকভাবে ও স্থানীয় পিপলস কমিটির মাধ্যমে নাম অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হোক।
(৩) ফোরাম শুরু থেকেই নাগরিকত্ব বিলের বিরোধিতা করে আসছে। যেসব বাঙালি হিন্দুরা ভাবছেন এই বিল তাদের নাগরিকত্ব দেবে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। ফোরাম মনে করে এই বিল বাঙালি হিন্দুদের নাগরিকত্ব প্রদান করবে না, এই বিল সাম্প্রদায়িক ও অসাংবিধানিক।
(৪) ফোরাম সরকারি পরিসংখ্যান, সেন্সাস রিপোর্ট ইত্যাদি পরিসংখ্যান ব্যাখ্যা করে বলে আসছে যে বাংলাদেশ গঠনের পর অর্থাৎ একাত্তরের পর খুব বেশি মানুষ অসমে আসেনি। এই এনআরসি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাই কোটি কোটি টাকা জনগণের অর্থ ব্যয় করে এনআরসি প্রক্রিয়াকে আর দীর্ঘায়িত করার কোনো মানে হয় না।
(৫) দীর্ঘায়িত এনআরসি প্রক্রিয়ার ফলে জনগণের প্রকৃত সমস্যাগুলি নিয়ে জনমত গঠনে বিঘ্ন হচ্ছে এবং রাষ্ট্রহীন হওয়ার আতঙ্কে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। দীর্ঘ হতাশার পরিণতিতে মানসিকভাবে বিকল এক জনসমষ্ঠির জন্ম দেবে যা সুস্থ সমাজ গঠনের পরিপন্থী ও এক মানবিক সংকট।
(৬) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসমের প্রকৃত উন্নয়ণের জন্য অসমবাসীর ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বিপন্ন সাধারণ খেটে খাওয়া জনসংখ্যার চাপে কোনো ভাষিক জনগোষ্ঠী বিপন্ন বা লাভবান হতে পারে না। ক্ষমতার অতি-কেন্দ্রীভবন, আর্থিক বিপন্নতা ও সামাজিক বৈরীতা বিপন্নতার আসল কারণ।
এনআরসি ছিল একটি রাষ্ট্রীয় উদ্যোগ। সেক্ষেত্রে কোনো ত্রুটির জন্য রাষ্ট্রের একাংশ অন্য অংশের উপর দায় চাপাতে পারে না। এতাবৎ যারাই এনআরসি প্রক্রিয়ায় ত্রুটি নিয়ে কথা বলছিলেন তাদের বিরুদ্ধে ক্ষমতাসীন দল ও তাদের সংগঠন, এমনকি আসুও 'রাষ্ট্র-বিরোধী' ও 'জাতি-বিরোধী' তকমা লাগিয়ে দিতে কসুর করেনি, এরাই এখন ন্যাক্কারজনকভাবে ভিন্ন সুরে কথা বলছে। তাই ফোরামের আহ্বান, নাগরিকত্ব নিয়ে সস্তা রাজনীতি পরিহার করে অসমের সার্বিক উন্নয়ণ, মেহনতি মানুষের অধিকার ও ভাষিক উন্নয়ণের লক্ষ্যে সকল অসমবাসী ঐক্যবদ্ধ হোন।









কোন মন্তব্য নেই