Header Ads

বিজেপি-র গেরুয়া ঝড় দুর্গাপুজোয় ! টলি-সেলেবদের নিয়ে আসছে 'পদ্ম' শিবিরের নয়া উদ্যোগ

বিশ্বদেব চট্টোপাধ্যায় : 'থিম' বনাম 'ঐতিহ্য' কে হাতিয়ার করে এবার বাঙালির প্রাণের উৎসবের আঙিনায় গেরুয়া শিবির প্রকট হয়ে উঠতে চলেছে। দুর্গাপুজো ঘিরে পুজো কমিটিগুলিকে যখন মুখ্যমন্ত্রী অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছেন, তখন উল্টো দিকে চুপ করে নেই পদ্ম শিবিরও। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার পুজোয় বিজেপি চেষ্টা করেও দাপট দেখাতে না পারলেও, দুর্গাপুজো ঘিরে কোনও মতেই পিছপা হতে রাজি নয় পদ্মদূর্গ। এবার টলিউড সেলেবদের নিয়ে বঙ্গ বিজেপির 'বঙ্গপ্রয়াস' আয়োজন করতে চলেছে বিশেষ শারদ সম্মান।
ডিজাইনার অগ্নিমিত্রা পল, অভিনেত্রী মৌমিতা গুপ্ত,রূপা ভট্টাচার্য,সৌরভ চক্রবর্তী , কাঞ্চনা মৈত্র সহ টলিউডের একাধিক সেলেব যাঁরা বিজেপিতে যোগদান করেছেন, তাঁদের তরফেই 'বঙ্গ প্রয়াস' এর এই শারদ সম্মান আয়োজিত হচ্ছে। কলকাতা প্রেস ক্লাবের এক সাংবাদিক সম্মেলনা এই কথা জানান অভিনেত্রী অঞ্জনা বসু। সম্মেলনে তিনি ছাড়াও একাধিক গেরুয়া শিবিরের তারকা হাজির ছিলেন।
মূলত, বিজেপির 'বঙ্গপ্রয়াস' বিভিন্ন ত্রাণ সাহায্য ও গুণীজনদের সম্মান জানানো থেকে শুরু করে একাধিক সামাজিক কাজকর্মে নিয়োজিত থাকার উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে চায় । আর সেই সংগঠনের তরফেই এবার জানানো হয়েছে,কলকাতা কেন্দ্রিক পুজোগুলিতে , যেখানে থিমের বাহুল্য নয় বরং পুজোর ঐতিহ্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই সমস্ত পুজোকে সম্মান জানাতে চলেছে বঙ্গপ্রয়াস।
গেরুয়া শিবিরের এই উদ্যোগে দুর্গাপুজোর শ্রেষ্ঠপ্রতিমা, শ্রেষ্ঠ প্রতিমা শিল্পী, শ্রেষ্ঠ পরিবেশ, আজকের দশভূজা - এমন কয়েকটি বিভাগের জন্য পুরস্কার নির্ধারিত করা হয়েছে। পুরস্কারের ঘোষণা হবে মহাসপ্তমীর দিন। কোনও আর্থিক পুরস্কার নয়, বরং বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পদ্ম-স্মারক।
ভোটবাক্সের রাজনীতি এবার বাঙালির প্রাণের উৎসবেও আঁচ ফেলতে চলেছে। কলকাতার মূলত, সমস্ত পুজোতেই তৃণমূলের নেতৃত্বের দাপট অব্যাহত। এমন এক পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার পুজো কালীঘাটের দুর্গাপুজোয় থাবা বসাতে চেয়েছিল বিজেপি। তবে সায়ন্তন বসুর হাত ধরে সেই জমিতে পোক্ত পদক্ষেপ রাখতে চেয়েও পারেনি গেরুয়া শিবির। এরপর , দুর্গাপুজোকে ঘিরে '২১-এর নির্বাচনকে পাখির চোখ করে রীতিমতো জনসংযোগে মন দিতে চলেছে দিলীপ ঘোষের নেতৃত্ব। এমনই দাবি রাজনৈতিক মহলের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.