ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড় , ৯৫ শতাংশ আসনই গেরুয়া শিবিরের দখলে
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৯৫ শতাংশ আসনই দখল করল গেরুয়া শিবির । গত ২৭ জুলাই ভোট হয়েছিল ত্রিপুরার পঞ্চায়েতে। অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচনের আগেই ৮৬ শতাংশ আসনই নিজেদের ঝুলিতে পুরেছিল বিজেপি । বাকি ১৪ শতাংশ আসনে ভোট হলেও, ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিল বিরোধী সিপিএম ও কংগ্রেস । পশ্চিমবঙ্গে পন্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটে কারচুপি ও সন্ত্রাসের যে অভিযোগ তুলেছিল বিজেপি, ঠিক সেই অভিযোগই ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে তুলেছে বিরোধী সিপিএম ও কংগ্রেস শিবির ।
ছবি, সৌঃ আন্তর্জাল
উত্তর ত্রিপুরার কৈলাশহরে বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে ভোট গণনা চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ অবশ্য লাঠি চালিয়ে দু'দলের সমর্থকদের হটিয়ে দেয় । চারজন এই ঘটনায় অল্পবিস্তর আহত হযেছেন । রাজ্যের অন্যান্য জায়গায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে নির্বিঘ্নে চলে ভোট গণনা ।
বিপুল ভোটে দলকে জয়ী করার জন্য রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা বিজেপি । গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে ৯৫ শতাংশ আসন এসেছে বিজেপির দখলে ।
গ্রাম পঞ্চায়েতের ৬, ১১১ -টি আসনের মধ্যে ৫, ৭২৮ টি , পন্চায়েত সমিতির ৪১৯ -টি আসনের মধ্যে ৩৩৭ টি ও জেলা পরিষদের ১১৬ টি আসনের মধ্যে ৩৭ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগেই জয়লাভ করেছিল বিজেপি ।
বিরোধী সিপিএম ও কংগ্রেস শিবির, বিজেপির বিরুদ্ধে হুমকি দেওয়ার ও সন্ত্রাসের অভিযোগ তুলেছে । দুই দলেরই অভিযোগ, তাদের প্রার্থীদের নির্বাচনে লড়তে বাধা দিয়েছে বিজেপি ।









কোন মন্তব্য নেই