Header Ads

শিলচর-হাফলং জাতীয় সড়কে ধস যানবাহন চলাচল বন্ধ

                                                
  বিপ্লব দেব, হাফলংঃ এ যেন ভয়ঙ্কর চিত্র শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়কের। ভেঙ্গে সম্পূর্ণ চৌচির হয়ে গেছে জাতীয় সড়কের মিয়াংক্রো ও জাটিঙ্গা লামপুর অংশ। বৃহষ্পতিবার রাতের প্রচণ্ড বৃষ্টির জেরে জাতীয় সড়কের মিয়াংক্রো ও জাটিঙ্গা লামপুরের প্রায় ৩০০ মিটার এলাকা প্রায় নিশ্চহ্ন। বৃষ্টির জলে ভেঙ্গে ধসিয়ে নিয়ে যায় সড়কের এই অংশ। 


অনেকদিন থেকেই মিয়াংক্রো এবং জাটিঙ্গা লামপুরের এই অংশের মাটি বসে যাচ্ছিল। তার উপর মাল বোঝাই বড় বড় ট্রাক পাথর বোঝাই ডাম্পার এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করার ফলে রাস্তাটি সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার পথে ছিল। তারমধ্যে বৃহষ্পতিবার রাতের প্রচন্ড বৃষ্টির জেরে রাস্তার মাটি সড়ে যাওয়ায় বিরাট আকারের খাদের সৃষ্টি করে। যার দরুন শুক্রবার পুরোদিন এই সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ ছিল। রাস্তার দুই পাশে অনেক গাড়ী আটকা পড়ে। অবশেষে শুক্রবার বিকেলের দিকে এই আটকে পড়া গাড়ী গুলিকে জেসিবি দিয়ে সড়িয়ে রাস্তাটি মাটি বড় বড় বোল্ডার পাথর দিয়ে ছোট ছোট গাড়ী চলাচলের উপযোগী করে দেওয়া হয়। গোটা দিন যানবাহন চলাচল বন্ধ থাকার পর বিকেলের দিকে দুই একটি ছোট গাড়ী বিপদের ঝুঁকি নিয়ে হাফলং থেকে শিলচরের উদ্দেশ্যে গিয়েছে। দীর্ঘদিন থেকে হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা পর্যন্ত জাতীয় সড়কের ওই অংশটি বেহাল অবস্থায় পড়ে আছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই) বার বার বর্ষার আগে জাতীয় সড়কের ওই অংশ সংস্কার করার আশ্বাস দেওয়ার পর ও কাজের কাজ কিছু হয়নি। আজ অবধি সংস্কার কাজে হাত পড়ে নি। জাতীয় সড়ক কর্তৃপক্ষ শিলচরের লক্ষী মটরস নামে একটি সংস্থাকে হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা পর্যন্ত ২৪ কিলোমিটার সড়ক পথটি সংস্কারের দায়িত্ব তুলে দিলে ও লক্ষী মটরস নামের ওই সংস্থা শুধু পাথর মাটি ফেলে দায়িত্ব সেড়ে নেয়। এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ রত্না ইনফ্রা প্রাইভেট লিমিটেডকে ওই ২৪ কিলোমিটার রাস্তা সংস্কারের দায়িত্ব তুলে দিলে ও কার্যত রত্না ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামের ওই কোম্পানি এখন পর্যন্ত কাজে হাত দেয় নি। এই অবস্থায় জাতীয় সড়কের হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা পর্যন্ত অংশ বিভৎস আকার ধারণ করেছে। উল্লেখ্য বরাইলের বুক চিরে যাওয়া শিলচর-সৌরাষ্ট্র ইষ্ট-ওয়েষ্ট করিডর এই পথ দিয়ে নির্মান হচ্ছে। এদিকে মহাসড়ক নির্মান কাজ যেমন বন্ধ রয়েছে তেমনি জাতীয় সড়কের ওই অংশের সংস্কার কাজ মুখ থুবড়ে পড়েছে তারপর ও কেন্দ্র বা রাজ্যসরকারের এই জাতীয় সড়ক নিয়ে তেমন হেলদল নেই বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.