Header Ads

মারা গেলেন মেঘালয়া বিধানসভার অধ্যক্ষ ডাঃ ডনকুপার রয়

ননী গোপাল ঘোষ : মেঘালয়া বিধানসভার অধ্যক্ষ ডাঃ ডনকুপার রয় রবিবার বিকেল সোয়া তিনটে নাগাদ মারা যান নতুন দিল্লির একটি সুপার স্পেশালিটি হাসপাতালে। শারীরিক অসুস্থতার জেরে গত ১৯ জুলাই থেকে ওই হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি।
১৯৫৪ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন ডাঃ ডনকুপার রয়। ১৯৮৭ সালে বিধানসভায় প্রবেশ ঘটেছিল তাঁর নির্দলীয় বিধায়ক হিসাবে। শেলা বিধানসভা কেন্দ্রে টানা সাতবারের বিধায়ক ডাঃ ডনকুপার টানা পাঁচবার জিতেছিলেন ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির ( ইউডিপি) টিকিটে। বরাবরই আঞ্চলিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন তিনি । মৃদুভাষী ডাঃ ডনকুপার রয় নিজ দল ছাড়াও জনপ্রিয় ছিলেন বিরোধী দলের কাছেও। কখনই তাঁকে বিরোধীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেখা যায়নি। ভদ্র ও সজ্জন রাজনীতিবিদ হিসাবে মেঘালয়াতে পরিচিতি ছিল তাঁর। ডাঃ রয় ২০০৮-০৯ সালে এমপিএ জোট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানিয়েছেন, ডাঃ ডনকুপার রয়ের আকস্মিক প্রয়াণে তিনি শোকাহত। তিনি একজন নেতা ও একজন পরামর্শদাতাকে হারালেন । তিনি তাঁর সারা রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
ডাঃ ডনকুপার রয়ের মরদেহ সোমবার সকালে দিল্লি থেকে শিলং আনা হবে। চেরাপুঞ্জিতে রাজ্যের তরফে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে। ৩১জুলাই তাঁর নিজের বিধানসভা কেন্দ্র শেলাতে সমাধিস্থ করা হবে ডাঃ ডনকুপার রয়কে। রাজ্য জুড়ে তিন দিনের শোক পালন করা হবে। এই তিনদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ৩১জুলাই রাজ্যের সমস্ত সরকারি কার্যালয়, ম্যাজিসট্রেট কোর্ট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.