Header Ads

নিখোঁজ 'ক্যাফে কফি ডে'-র প্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থ

নয়া ঠাহর প্রতিবেদন : ভারতের সবচেয়ে বড় কফি চেন 'ক্যাফে কফি ডে'-র প্রতিষ্ঠাতা ও এশিয়ার সবচেয়ে বড় কফি এস্টেটের মালিক ভি জি সিদ্ধার্থ সোমবার সন্ধ্যায় ম্যাঙ্গালুরুর নেত্রাবতী নদীর ওপর থাকা উল্লাল সেতু থেকে নিখোঁজ হয়ে যান।
সোমবার সন্ধ্যায় ম্যাঙ্গালুরুর নেত্রাবতী নদীর ওপর দিয়ে গাড়িতে যাওয়ার সময় উল্লাল সেতুর ওপরে গাড়ি থামাতে বলেন তাঁর গাড়িচালককে। চালক গাড়ি থামালে তিনি নেমে যান গাড়ি থেকে। তারপর থেকেই তিনি নিখোঁজ। কেউ জানেনা তিনি কোথায় গেছেন ।
সেতুতে গাড়ি থামিয়ে বহুসময় পার হওয়ার পরও তিনি না ফেরায় গাড়িচালক সিদ্ধার্থের মোবাইলে ফোন করে তাঁর মোবাইল বন্ধ পান। গাড়িচালক তখন সিদ্ধার্থের বাড়িতে খবর দেন। বাড়িতে লোকজন খবর দেয় পুলিশে ।
শিল্পপতি সিদ্ধার্থের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি। ঐ কাজে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। উপকূল রক্ষীদেরও সতর্ক করা হয়েছে।
ম্যাঙ্গালুরু পুলিশের সূত্র অনুযায়ী, সোমবার সন্ধ্যায় এক ব্যক্তিকে জলে ঝাঁপ দিতে দেখা গেছে । তাই নেত্রাবতী নদীতেও তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা।
শিল্পপতি ভিজি সিদ্ধার্থ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা এসএম কৃষ্ণের মেয়ের জামাই । পুলিশ জানিয়েছে যেখান থেকে সিদ্ধার্থ নিখোঁজ হয়েছেন সেই জায়গার নাম জেপ্পিনা মোগারু ।
সিদ্ধার্থের বাড়ি চিকমাগালুর জেলায় । প্রথম জীবনে চাকরি করলেও পরে বেঙ্গালুরুতে নিজের কোম্পানি খোলেন। কোম্পানির নাম সিভান সিকিউরিটিজ। পরে শুরু করেন ভারতের সবচেয়ে বড় কফি চেন 'ক্যাফে কফি ডে'। চিকমাগালুরের কফিকে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয় কফি ব্র্যান্ড করে তুলেছেন।
সিদ্ধার্থের খোঁজে ডগায় স্কোয়াড পাঠায় ম্যাঙ্গালুরু পুলিশ। যে সেতুর কাছে সিদ্ধার্থ নিখোঁজ হয়েছিলেন সেই সেতুর মাঝামাঝি এসে থেমে যায় কুকুর। ম্যাঙ্গালুরু পুলিশের কমিশনার  সন্দীপ পাতিল  জানিয়েছেন, 'আমরা খোঁজ নিচ্ছেন। শেষবার কার সঙ্গে কথা বলেছেন সিদ্ধার্থ তাও খতিয়ে দেখা হচ্ছে। নদীতে তল্লাশির জন্য স্থানীয় মৎস্যজীবীদের সাহায্য নেওয়া হচ্ছে।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা মঙ্গলবার সকালে সিদ্ধার্থের শ্বশুর বিজেপি নেতা ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী  এসএম কৃষ্ণের বাড়ি যান। কংগ্রেসের ডিকে শিবকুমার ও বিএল শংকরও যান এসএম কৃষ্ণের বাড়ি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.