উত্তর ২৪ পরগনার ভারত-বাংলা সীমান্তে গরু পাচার রুখতে গিয়ে মারাত্মক আহত ১ জওয়ান
নয়া ঠাহর প্রতিবেদন : ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় পাচারকারী ও বিএসএফ সংঘর্ষে গুরুতর জখম হন এক জওয়ান। ঘটনাটি বৃহস্পতিবারের। জখম জওয়ানের নাম আনিসুর রহমান। তিনি বিএসএফের ৬৪ নম্বর ব্যাটেলিয়নের সদস্য। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় বনগাঁ-র একটি সরকারি হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর একটি হাত বোমায় উড়ে গিয়েছে। সারা শরীরে অসংখ্য মারাত্মক ক্ষত হয়েছে তার। বর্তমানে আনিসুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
জানা গেছে, এ দিন ভোরে উত্তর ২৪ পরগনার বনগাঁ-র কাছে আংরাইল সীমান্তে কিছুটা এলাকায় কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে, প্রায় ২৫ জনের পাচারকারীর একটি দল ১০-১৫টি গরু বাংলাদেশে পাঠানোর চেষ্টায় ছিল। সেই সময় বিএসএফ-এর টহলদারি দল তাদের সতর্ক করে। বচসা শুরু হয় উভয় পক্ষের মধ্যে। আচমকাই তখন পাচারকারীরা বোমা ছুড়তে শুরু করে বিএসএফ কর্মীদের দিকে। সেই বোমার আঘাতেই গুরুতর আহত হন আনিসুর রহমান। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বিএসএফ-এর অন্দরে। উপরতলা থেকে সীমান্তে মোতায়েন সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে গুলি চালানোর।









কোন মন্তব্য নেই