Header Ads

মেঘালয়ার উমিয়াম লেকের আবর্জনা পরিষ্কারের পরিকল্পনা

নয়া ঠাহর প্রতিবেদন : কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয় । যেখানে দেখা যাচ্ছে নয়নাভিরাম উমিয়াম লেকের জলে ভাসছে আবর্জনার স্তর। মেঘালয়াতে বেড়াতে আসা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় উমিয়াম। জলে ভাসা আবর্জনার স্তর নজরে পড়ে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কি করে আবর্জনার স্তর পরিষ্কার করা যায় তা নিয়ে এক বৈঠক করেন।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, জলে আবর্জনার স্তর ভাসা চোখ খুলে দিয়েছে, উমিয়াম লেককে পরিষ্কার রাখার জন্য স্বল্পকালীন ও দীর্ঘকালীন প্রক্রিয়া নেওয়া জরুরি হয়ে পড়েছে। বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। যাতে আর আবর্জনা লেকের জলে ফেলা না হয় তা খুব শীঘ্রই দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিকে, গত কয়েকদিনের অবিশ্রান্ত বৃষ্টির জন্য জলস্তর বেড়ে গেছে উমিয়ামের। বৃহস্পতিবার সকাল অবধি জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ৩২০৬.৯০ ফুট। যদি জলস্তর আরো বেড়ে যায় তবে জল ছাড়তে হবে উমিয়াম থেকে। যার জেরে উমিয়ামের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যার জেরে নিচু এলাকায় বসবাসকারীদের সতর্ক করা হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.