চন্দ্রনাথপুরে সেন্টিনারি কাপ জয় করল ডলুর রাইজিং ক্লাব
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : অসমের বড়খলা বিধানসভার চন্দ্রনাথপুর এমই স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত পুরুষদের “সেন্টিনারি কাপ” নকআউট ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা সম্পন্ন হলো রবিবার চন্দ্রনাথপুরের বিক্রমপুর বাগান মাঠে । এতে যে দুটি দল পরস্পরের মুখোমুখী হয়েছে তারা হলো বিক্রমপুর স্পোর্টিং ক্লাব (চন্দ্রনাথপুর) ও ডলুর রাইজিং ক্লাব।
আবহাওয়া প্রতীকূল থাকা সত্বেও মাঠে দর্শকের ভিড় ছিল প্রচুর। শুরুর থেকেই উভয় দলের খেলা ছিল খুবই প্রতিদ্বন্দিতাপূর্ণ। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষের দিকে ১-০ গোলে বিজয়ের খেতাব ছিনিয়ে নিতে সক্ষম হয় ডলুর রাইজিং ক্লাব।
এদিনের খেলার পুরষ্কার বিতরণী সভায় বিজয়ীদলের হাতে পুরষ্কার তুলে দেন সভার সম্মানিত অতিথিরা। এছাড়া টুর্নামেন্ট সেরা, ম্যাচ সেরা সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় খলোয়ারদের। বড়খলার বিধায়ক কিশোর নাথ তরফে বিজয়ীদের হাতে ৫০০০ টাকা ও রানার্সদের ৩০০০ টাকার প্রাইজ মানি তুলে দেন বিধায়কের নিজস্ব প্রতিনিধি। পরে স্কুলের পক্ষ থেকে চন্দ্রনাথপুর এলাকার বিভিন্ন সময়ের প্রতিভাবান খেলোয়াড়দের পুরষ্কৃত করা হয়।
উল্লেখ্য বরাকের প্রত্যন্ত চা-বাগান অঞ্চলে দীর্ঘদিন থেকেই শিক্ষা, সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন স্কুলের প্রধান শিক্ষক মৌসম দত্ত। স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের প্রথম পর্বে মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করেছিলেন তিনি। একটি প্রত্যন্ত বাগান অঞ্চলের সরকারী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এধরনের প্রয়াসের জন্য অনেকেই প্রশংসা করেছেন শিক্ষক মৌসম দত্তের।










কোন মন্তব্য নেই