Header Ads

অসমে বাংলা বিষয়ে সর্বোচ্চ নম্বর বরাক এর. Shenha das Gupta কে সম্বর্ধনা বিডি এফ এর


 নয়া ঠাহর. শিলচর. 
উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে রাজ্যসেরা নম্বর পাওয়ায় উধারবন্দের স্নেহা দাশগুপ্তকে সংবর্ধনা দিল বিডিওয়াইএফ।

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে রাজ্যসেরা নম্বর পেয়েছে উধারবন্দ পানগ্রামের মেয়ে স্নেহা দাশগুপ্ত। এই সাফল্যের জন্য তাঁর বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধনা জানালেন বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের সদস্যরা।

পরে বক্তব্য রাখতে গিয়ে এদিন যুবফ্রন্টের মূখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে বিশ্বের প্রায় ত্রিশ কোটি লোক এই বাংলা ভাষায় কথা বলেন। জনসংখ্যার অনুপাতে বাংলাভাষীর সংখ্যা পৃথিবীতে ষষ্ঠ এবং ভারতে দ্বিতীয়। তিনি বলেন অগুন্তি মেধাবী প্রাবন্ধিক,গল্পকার, ঔপন্যাসিক,কবি এই ভাষাকে সমৃদ্ধ করেছেন এবং করে চলেছেন। তিনি বলেন যে এই বাংলা ভাষার অধিকার রক্ষায় এই উপত্যকার ১১জন আত্মহুতি দিয়েছেন যার বিনিময়ে এই বাংলা এই উপত্যকায় সরকারি ভাষার স্বীকৃতি পেয়েছে। কল্পার্ণব বলেন যে তারপরও উগ্র অসমিয়া জাতিয়তাবাদীরা প্রায়সই এই অধিকার লঙ্ঘন করার চেষ্টা করে। এসব প্রতিহত করতে গিয়ে তাদেরও সরকারি রোষানলে পড়তে হয়েছে, হেনস্থা হয়েছে বলে জানান তিনি । তবে সবকিছুর পরও বাংলা ভাষার অধিকার রক্ষায় তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন ও থাকবেন বলে এদিন মন্তব্য করেন কল্পার্ণব।

কল্পার্ণব এদিন আরো বলেন যে এসবের পরিপ্রেক্ষিতে স্নেহা দাশগুপ্তের এই সাফল্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এরকম একটি ধারণা প্রচলিত যে বাংলায় ভালো নম্বর পাওয়া যায় না। স্নেহা দাশগুপ্ত সেখানে ১০০ এর মধ্যে বাংলায় ৯৭ পেয়ে প্রমান করে দিয়েছে যে এই মিথ সর্বৈব মিথ্যা। তিনি বলেন স্নেহার এই সাফল্যে এই রাজ্য তথা বরাকের একজন বাংলাভাষী হিসেবে তিনি গর্বিত এবং সেজন্যই তাঁরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। 

এদিনের সংবর্ধনার পরিপ্রেক্ষিতে স্নেহা দাশগুপ্ত তার বক্তব্যে বলে যে বাংলা তাঁর মাতৃভাষা এবং এই ভাষার জন্য সে গর্বিত। সে এই রাজ্যের সমস্ত বাঙালি ছাত্র-ছাত্রীদের এই ভাষা শেখা ও চর্চা করার আহ্বান জানিয়ে বলে যে ইংরেজি মাধ্যমের এই রমরমার সময়েও নিজের মাতৃভাষা জানা ও এই ভাষায় পঠনপাঠন করা খুবই জরুরী বলে সে মনে করে এবং তাই সমস্ত বাংলাভাষী অভিভাবক তথা শিক্ষার্থীদের সে এই মর্মে আবেদন জানাচ্ছে।

এদিন স্নেহা দাশগুপ্তকে বিডিওয়াইএফ এর পক্ষ থেকে এদিন উত্তরীয় ও মানপত্র দিয়ে  অভিনন্দন জানান হয়। এছাড়া উপহার স্বরূপ দুটি বইও তুলে দেওয়া হয় তাঁর হাতে।

অন্যান্যদের মধ্যে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়,মিডিয়া সেলের আহ্বায়ক হৃষীকেশ দে প্রমুখ।

বিডিওয়াইএফ এর পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন সদস্য দেবায়ন দেব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.