Header Ads

ত্রিপুরার শিল্পীদের শর্ট ফ্লিম-বাক্সবন্দী মুক্তি পাচ্ছে

নয়া ঠাহর  প্রতিনিধি,আগরতলা,৮ জুন: মুক্তি পাচ্ছে ত্রিপুরার শিল্পীদের  শর্টফিল্ম - বাক্সবন্দী। অবসান হতে চলেছে এক বছরের অপেক্ষার।  ২৫ মিনিটের এই শর্ট ফিল্মটির নির্মান কাজ শুরু হয়েছিল গত বছরের মার্চ মাসে । ত্রিপুরার  গুনী শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের মুখও দেখা যাবে এই চলচ্চিত্রে। জুন মাস প্রাইড মাস, ভালোবাসার মাস। এই ভালোবাসারই একটি দিককে বাক্সবন্দীর গল্পে দেখতে পাবেন দর্শকরা। যেখানে নীল ছোটবেলা থেকে তার স্বপ্নগুলোকে বন্দী করে রাখতে রাখতে একটা সময় প্রেমে পরে, খুঁজে পায় তার ভালবাসার মানুষকে। অন্য দিকে শুভ আর মৈথিলীর দাম্পত্য জীবনে হঠাৎ করেই উঠে আসে একটি ডাইরি। নীল প্রেমে পড়ে, স্বপ্ন দেখতে শুরু করতে না করতেই তার জীবনে ঘনিয়ে আসে এক অঘটন। সে চেষ্টা করে ওঠে দাঁড়ানোর, লেখক হবার স্বপ্নে আকাশে ডানা মেলে উড়ে বেড়াতে চায়। কিন্তু এত কিছুর পরেও নীল, শুভ, মৈথিলীদের গল্প অধরা থেকে যায় কখনো কখনো, শুভর মা বুঝতে পারেন না এ কোন কঠিন পরীক্ষায় ভগবান তাকে ফেললেন। একই পরিস্থিতি, সবার আলাদা অনুভূতি, আবেগ। বাক্সবন্দী কি পারবে সে সকল প্রশ্নের উত্তর দিতে? সবাইকে একবার বোঝাতে, এই মুহুর্তে দর্শককুল তারই প্রতীক্ষায়। 
এই ছবির নির্মানকাজ শেষ হয়েছে  নভেম্বরে।  বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের চলচ্চিত্র উৎসবে  অংশ গ্রহন করে বাক্সবন্দী পেয়েছে
  বিশেষ বিভাগের ৮টি সেরা ছবির পুরষ্কার।  এবছর দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে- বাক্সবন্দী অফিসিয়াল সিলেকশন পায়।একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  সঙ্গীতে নমিনেশন পায় তনুময় বিশ্বাস। 
  ছবিটির গল্প এবং  পরিচালনায় সিদ্ধার্থ সাহা, সহ পরিচালিকা  মধুমিতা তালুকদার, চিত্রনাট্য মনীষ সিনহা, সম্পাদনায় নভজ্যোতি ভারতী, চিত্রগ্রহণে প্রসেনজিৎ দেবনাথ, আবহ সঙ্গীত শুভ্রজিৎ নন্দী, রবীন্দ্র সঙ্গীতে তনুময় বিশ্বাস, শব্দগ্রহনে স্টুডিও সরগম, অভিনয়ে জয়দীপ, সূর্য, অনিন্দিতা, সঞ্চিতা, ঋতুপর্না, রুবিনা এবং মধুমিতা তালুকদার। ছবিটির প্রযোজনা করেছেন  পিংকি বনিক। সহ-  প্রযোজক শ্রীপর্ণা, বাবলী এবং শিবম। 
 শুক্রবার ছবিটি মুক্তি পেতে চলেছে - Mycinemahall App- র মাধ্যমে।  প্লে স্টোর থেকে Mycinemahall মোবাইল অ্যাপ টি ইনস্টল করে টিকিট কেটে আপনারা দেখতে পারবেন বাক্সবন্দী।ছবির পরিচালক সিদ্ধার্থ সাহা জানান, প্রাইড মান্থ কে কেন্দ্র করেই  এই ছবির প্রেক্ষাপট রচনা, তাই এই মাসেই ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সকলকে ছবিটি দেখার আমন্ত্রণ জানানো হয়েছে  কাগজঘর- সংস্থার তরফে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.