বাঙালিদের বিরুদ্ধে লাচিত সেনা লাগাতার হুমকি দিচ্ছে সরকার নীরব, বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট পুনরায় মামলা করবে
শিলচর : সম্প্রতি লখিমপুর জেলার লাচিত সেনার সদস্যরা এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে রাজ্যের বাঙালিদের সম্বন্ধে বিভিন্ন অসাংবিধানিক মন্তব্য করেছেন ও শৃঙ্খল চালিহার বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে বিডিএফ সদস্যদের শারিরীক নিগ্রহের হুমকি দিয়েছেন। এসবের প্রতিবাদে লাচিত সেনার কর্মকর্তাদের বিরুদ্ধে ফের শিলচর আদালতে মামলা করার সিদ্ধান্ত নিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এই ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিডিএফ আহ্বায়ক পার্থ দাস বলেন যে অসমিয়া ও বাঙালি উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষের মধ্যে কোন বিভেদ নেই। পেশাগত সহ বিভিন্ন ব্যাপারে বরং তারা একে অন্যের উপর নির্ভরশীল। লাচিত সেনার মতো উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলো এসব মন্তব্য করে দুই সম্প্রদায়ের মধ্যে ফের বিভেদ সৃষ্টি করতে চাইছেন । তাঁরা চাইছেন আবার দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগুক। তিনি বলেন আদালতে মামলা করার অধিকার যেমন সবার আছে তেমনি কেউ দোষী না হলে আদালতে যুক্তি দিয়ে নিজেকে দায়মুক্ত করার অধিকারও সবার গনতান্ত্রিক অধিকার। কিন্তু হুমকি ধামকি দিয়ে বিডিএফকে কিছু করা যাবেনা। কারণ বিডিএফ সদস্যরা সেই ধাতুতে গড়া নন। পার্থবাবু আরো বলেন যে ভাষায় লাচিত সেনা সদস্যরা বাঙালিদের গালাগালি এবং অপমান করেছেন তাতে সরকারের তাদের অবিলম্বে গ্রেফতার করা উচিত। কিন্তু আমরা লক্ষ করছি যে দিশপুর বা বরাক উপত্যকার বিজেপি নেতারা এখনো এই ব্যাপারে একটি কথাও বলেননি, অথচ গত নির্বাচনে এই রাজ্যের আশি শতাংশ বাঙালি ভোট শাসক দলের ঝুলিতে গেছে। পার্থবাবু আরো বলেন যে লাচিত সেনারা সদস্যরা যেহেতু বাঙালিরা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয়ে আসামে এসেছেন বলে মন্তব্য করেছেন তাই তাদের এটা মনে করিয়ে দেওয়া উচিত যে অসমিয়া ভাষাকে বিশ্ববিদ্যালয়ের ভার্ণাকুলার হিসেবে প্রথম মান্যতা যিনি দিয়েছিলেন সেই আশুতোষ মুখোপাধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গেরই নাগরিক ছিলেন। সর্বজনশ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী ভুপেন হাজারিকা কিন্তু পশ্চিমবঙ্গকেই তার ধাত্রীভূমি হিসেবে মনে করতেন। তাই লাচিত সেনা সদস্যদের আবার ইতিহাস পড়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ফ্রন্টের আরেক আহ্বায়ক জহর তারণ বলেন যে শৃঙ্খল ও তার সহযোগীরা বলেছেন যে বিডিএফ মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় নাকি অসমিয়াদের ঘরে ঢুকে শারীরিক নিগ্রহ করার হুমকি দিয়েছেন। জহরবাবু বলেন এ সর্বৈব মিথ্যা। তিনি লাচিত সেনা সদস্যদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যে কবে কোথায় এরকম মন্তব্য করা হয়েছে তা তাঁরা প্রমান করুন। অন্যথা মানহানির জন্য তাদের আদালতে এসে ক্ষতিপূরণ দিতে হবে।
বিডিএফ সদস্যরা এদিন বলেন যে সাম্প্রতিক এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আগামীকাল লাচিত সেনা সদস্যদের বিরুদ্ধে ফের মামলা দায়ের করবেন।
বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।









কোন মন্তব্য নেই