কলকাতাঃ রাজ্যসভায় তাঁর অবসরের দিন কেঁদে ভাসিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাল্টা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছিলেন তিনিও। এবার সেই প্রশংসা আবার ফিরে এল তাঁর গলায়। প্রকাশ্যে মোদির প্রশংসা করলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। বললেন, নিজের আসলটাকে লুকিয়ে রাখেন না মোদি। নিজের শিকড়কে ভোলেননি তিনি।
রবিবার জম্মুতে গুজ্জর সম্প্রদায়ের এক অনুষ্ঠানে গেছিলেন আজাদ। সেখানে মোদির প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'নরেন্দ্র মোদির কাছ থেকে মানুষের শেখা উচিত। এক জন প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু নিজের শিকড়কে ভুলে যাননি।'
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী আরও বললেন, 'বেশ কয়েক জন নেতার অনেক কিছু পছন্দ করি। আমি গ্রাম থেকে এসেছি। তা নিয়ে আমি গর্বিত। আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি এক সময় চা বিক্রি করতেন, গ্রাম থেকে এসেছেন, তাঁর মতো নেতাকে নিয়েও আমি গর্বিত। আমরা প্রতিপক্ষ হতে পারি। কিন্তু তিনি নিজের শিকড় কখনও গোপন করেননি।'
প্রসঙ্গত, শনিবার প্রকাশ্য সভায় রাজ্যসভার এই প্রাক্তন কংগ্রেস নেতা হাইকমান্ডের সমালোচনা করেছেন। এর আগেও সোনিয়াকে নেতৃত্বে বদল চেয়ে চিঠি দিয়েছিলেন তিনি সহ আরও ২৩ জন কংগ্রেস নেতা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার পরামর্শ, এসব না বলে যে সব রাজ্যে ভোট রয়েছে, সেখানে গিয়ে প্রচার করুন এই নেতারা।
কোন মন্তব্য নেই