গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক প্রণয় রায়
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ কাটিগড়া বিধানসভা এলাকায় ৬ নং জাতীয় সড়কে একের পর এক সংঘটিত হওয়া প্রাণঘাতী দুর্ঘটনায় চরম দুশ্চিন্তায় সাধারণ মানুষ। এবার গুরুতর দুর্ঘটনার শিকার হন DY365 চ্যানেলের কালাইনের সংবাদদাতা তথা দৈনিক নববার্তা প্রসঙ্গের কালাইনের প্রতিবেদক প্রণয় কুমার রায়। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ৬ নং জাতীয় সড়কের হিলাড়া ধাবার সামনে। সেখানে ধাবার উল্টোদিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাটিগড়া থেকে কালাইনগামী যাত্রীবাহী এএস ১১ ডিসি ৩১৬২ নম্বরের একটি যাত্রীবাহী ডিজেল অটো দ্রুতগতিতে এসে প্রণয় রায়কে সজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। স্থানীয়দের সহায়তায় সঙ্গে সঙ্গে তাকে কালাইন এফআরইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় প্রায় ২৮-২৯ টি সেলাই দেওয়ার পর রক্তক্ষরণ বন্ধ হয়। হাসপাতাল ইনচার্জ মৈত্রী সুর ভৌমিক তাকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিক প্রণয় রায়ের অবস্থা সংকটজনক বলে জানা যায়। সূত্র মতে জানা গেছে বৃহস্পতিবার রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি প্রেরণ করা হবে। খবর পেয়ে সাংবাদিক প্রণয় রায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন সাংবাদিক সংস্থা সহ উনার পরিচিত মহল।









কোন মন্তব্য নেই