বরাকের কর্মপ্রার্থীদের চাকরি তথা কাছাড় কাগজকলকে পুনর্জীবিত করার দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের
শিলচরঃ বরাকের কর্মপ্রার্থীদের চাকরি তথা কাছাড় কাগজকলকে পুনর্জীবিত করার দাবিতে গণঅবস্থান বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট-এর উদ্যোগে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের প্রতি বঞ্চনা ও কাছাড় কাগজকলের প্রতি সরকারের ইচ্ছাকৃত উদাসীনতার প্রতিবাদে শিলচর ক্লাব রোড ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল ১১ টা থেকে দুপুর ১টা অব্দি এক গণ অবস্থান কর্মসূচি পালিত হল।
এই কর্মসূচিতে তে ছাত্র যুবক ও বিভিন্ন সংগঠনের
সদস্য সহ যোগদান করেন কাছাড় কাগজকলের বিভিন্ন ইউনিয়নের কর্তাব্যক্তিরা।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাগজকলের
বিএম এস শাখার সম্পাদক উৎপল দত্ত চৌধুরী বলেন যে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের
কাছে বহুবার তাদের ইউনিয়নের পক্ষ থেকে এ ব্যাপারে তদ্বির করার পরও এই ব্যাপারে
সরকার হাত গুটিয়ে বসে আছে। প্রধান মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই এখনো মিথ্যে
প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কাগজকল বন্ধ হবার ব্যাপারটি তিনি বিশদভাবে তুলে ধরে
বলেন যে ম্যানেজমেন্ট ও সরকারের ইচ্ছাকৃত অসহযোগিতায় একটি লাভজনক সংস্থা কে ধ্বংস
করা হয়েছে। এই জ্বলন্ত ইস্যু নিয়ে এগিয়ে আসার জন্য তিনি ধন্যবাদ জানান বরাক
ডেমোক্রেটিক ফ্রন্টকে।
একই ইউনিয়নের অন্য সদস্য কৃষ্ণ দেবনাথ বলেন যে
অতি শীঘ্রই তারা আন্দোলন কর্মসূচি নিচ্ছেন ও তারা এই ব্যাপারে বিডিএফ এর সাহায্য
সহযোগিতা কামনা করছেন।
কাছাড় কাগজকলের ইনটাক শাখার সম্পাদক মানবেন্দ্র
দত্ত চৌধুরী স্পষ্ট বলেন যে মূখ্যমন্ত্রীর বারবার প্রতিশ্রুতি যে কোনো
কাজের নয় তা আর বলার অপেক্ষা রাখেনা এবং এমন অকর্মণ্য মুখ্যমন্ত্রী এই রাজ্যের
ইতিহাসে এই প্রথম। তিনি বলেন আজ অব্দি ৮০ জন মিলকর্মী খাদ্যের অভাবে চিকিৎসার
অভাবে প্রাণ দিয়েছেন।বলেন সংবিধান সবাইকে ' জীবনের
বা বাঁচার অধিকার দিয়েছে এবং এই ক্ষেত্রে কাগজকল কর্মীদের মৃত্যুমুখে ঠেলে দিয়ে
সরকার সংবিধান লঙ্ঘন করছে। এদের ক্ষমতায় থাকার অধিকার নেই। বি ডি এফ এর এদিনের
উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনে বরাক
ডেমোক্রেটিক ফ্রন্ট এর নেতৃত্বে এই আন্দোলন কাগজকলের পুনর্জীবনের ব্যাপারে
গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর যুব সদস্য কল্পার্ণব
গুপ্ত তার বক্তব্যে আগাগোড়াই বরাকের চাকুরী প্রার্থীদের প্রতি সরকারের
ইচ্ছাকৃত বঞ্চনা নিয়ে সরব ছিলেন। তিনি বলেন সম্প্রতি
যতগুলো পদে নিয়োগ হয়েছে তাতে বরাকের প্রার্থীদের আনুপাতিক সাফল্যের হার খতিয়ে
দেখলেই সরকারের অবস্থান স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন এই সরকার আদ্যন্ত বরাক বিরোধী,
বাঙালি বিরোধী। বরাকের সব নাগরিককে তিনি এই বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ
হবার আহ্বান জানান।
এছাড়া কাগজকলের
ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়ন এবং অফিসার্স ইউনিয়নের কর্তাব্যক্তি দিলীপ
শুক্লবৈদ্য এবং দিলীপ কান্তি নাথ শ্রমিক কর্মচারীদের বর্তমান দুরবস্থা বিশদে তুলে
ধরে বি ডি এফের এদিনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং উপত্যাকার
কৃষক শ্রমিক , সাধারণ নাগরিক , বুদ্ধিজীবী
সবাইকে বরাকের এই অন্যতম বৃহৎ শিল্পের পুনরুজ্জীবন ও কর্মচারীদের বিগত ৪৮ মাসের
বকেয়া বেতনের দাবীতে তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।
বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট-এর মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় এদিনের
বক্তব্যে বরাকের কর্মপ্রার্থীদের প্রতি বঞ্চনার কথা
বিশদে তুলে ধরেন ও বলেন যে আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছরে দুই
শতাধিক যুবক যুবতী স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন অথচ কর্মসংস্থানের অভাবে
হয় হতাশাগ্রস্থ জীবন কাটাচ্ছেন অথবা অন্য রাজ্যে পাড়ি জমাতে বাধ্য হচ্ছেন। তিনি
বলেন সরকার ছাত্রদের কম্পিউটার দিচ্ছে,স্কুটি দিচ্ছে অথচ বেকারদের ব্যাপারে
সম্পূর্ণ উদাসীন। যতদিন সরকার বরাকের শিক্ষিত বেকারদের চাকরি দিতে না পারছে ততদিন
সবাইকে বেকার ভাতা দিতে হবে বলে তিনি জোরালো দাবি জানান। কাগজকলের বর্তমান অবস্থা
নিয়ে আক্ষেপ করে বলেন যে সম্প্রতি ৮০০০ কোটি টাকা প্রধানমন্ত্রীর সফরের জন্য একটি
বিমান কিনতে গিয়ে সরকারি কোষাগার থেকে ব্যায় করা হয়েছে যেখানে শুধু ১৯০০ কোটি
টাকা বরাদ্দ করে দুটি কাগজকলকে আবার খোলা যেতো যার ফলে দুই লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ থাকত। তিনি সরকারের এই
জনবিরোধী মানসিকতাকে ধিক্কার জানান।
নাগরিক সংগঠন বরাক ফোরামের অন্যতম আহ্বায়ক তথা
বিডিএফ সদস্য দেবরাজ দাসগুপ্ত তার বক্তব্যে এই অঞ্চলের জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি
দিয়ে বলেন যে জনগন তাদের সমস্যা নিরসনের জন্য তাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন,কোনো
দাসখত লিখে দেননি ,তাই তাঁরা জনগনের স্বার্থে কাজ না করলে আবার সেই
জনগনই আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতে পারেন। তিনি বলেন বি ডি এফ আগামী নির্বাচনের আগে এই
উপত্যাকার সব জ্বলন্ত সমস্যা যা স্থানীয় জনপ্রতিনিধিদের অকর্মণ্যতার জন্য এতদিন
ধরে সমাধান হচ্ছে না সেসব জনগনের কাছে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করবে।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর আহ্বায়ক পার্থ দাস ,জহর
তারণ , বর্ষীয়ান সমাজকর্মী রঞ্জন কান্তি ভট্টাচার্য
প্রমুখ।









কোন মন্তব্য নেই