ধারালো অস্ত্রশস্ত্র-সহ ত্রিপুরার চার যুবক আটক শ্রীগৌরী জাতীয় সড়কে
সুব্রত দাস, বদরপুর : বদরপুর পুলিশের নেতৃত্বে ও ভাঙা ওয়াচ পোস্টের এক সাঁড়াশি অভিযানে ধারালো অস্ত্রশস্ত্র,লাঠি,বোরখা সহ ত্রিপুরার ৪ যুবক আটক করা হয়েছে। জানা গেছে,শনিবার গভীর রাতে একটি গাড়ি মালুয়া চৈতন্যনগর গ্রামের ভেতর প্রবেশ করে এবং দ্রুত গতিতে আবার ফিরে যায় গাড়িটি। তখনই এলাকার কিছু মানুষ বেরিয়ে আসেন। তবে এই গাড়ির কোনও হদিশ পাওয়া যায় নি।ঠিক একইভাবে রবিবার সকাল ১১:৩০ নাগাদ টি-আর-০৫-০২৫৩ নম্বরের একটি অল্টো কার গ্রামের রাস্তা কয়েকবার ঘোরাঘুরি করে। শনিবার রাতের ঘটনাটি চাউর হওয়ার এলাকার জনগণ সচেতন ছিলেন। ঠিক সেই মুহূর্তে গাড়িটি এক বাড়ির সামনে এসে দাঁড়ায়।তখনই এলাকার কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে থাকেন। একই সময়ে এলাকার জনগণ গাড়িটি দাঁড় করানোর চেষ্টা করলে গাড়িতে থাকা ৪ যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর পুলিশে। ওসি বিনয় কুমার বর্মনের নির্দেশে ভাঙ্গা ওয়াচ পোস্টের ইনচার্জ খবর পেয়ে জাতীয় সড়কে ওঁতপেতে বসে থাকেন। কিছু সময় পর মালুয়া শ্রীগৌরী জাতীয় সড়কে গাড়িতে থাকা ৪ যুবকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক যুবকরা হলেন,হুসেন আলি,আখতার আলি,রফিকুল ইসলাম ও শামীম আলি। তারা সকলেই ত্রিপুরা কৈলাশহরের বাসিন্দা। গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বোরখা,তরোয়াল,লাঠি-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। বদরপুর পুলিশে সূত্রে জানা গেছে,এই যুবক অপরাধমূলক কোনও ঘটনা বাস্তব রূপ দিতে এরূপ ঘোরাঘুরি করছিল।ধৃতদের সোমবার করিমগঞ্জ আদালতে হাজির করা হয়েছে। পুনরায় অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠেছে বদরপুর সহ পার্শ্ববর্তী এলাকা।অপহরণ,খুন,ডাকাতি-সহ অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে এলাকাজুড়ে।করিমগঞ্জ জেলার সবুজ ও স্বচ্ছ গ্রাম হিসেবে পরিচিত মালুয়া চৈতন্যনগর এখন অসামাজিক গতিবিধি প্রচণ্ড হারে বেড়েছে। এরজন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। দিন কয়েক থেকে এই গ্রামের চুরিকাণ্ড ঘটছে। তাই এলাকার বাসিন্দাদারা কিছুটা সজাগ দৃষ্টি রাখছিলেন। এরই ফলে পুলিশ এই সাফল্য পেয়েছে বলে মতামত সচেতন মহলের।









কোন মন্তব্য নেই