বিহাড়ার রাজদীপ ঘোষ আসাম বিশ্ববিদ্যালয় থেকে পেলেন স্বর্ণপদক
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বিহাড়া দীননাথপুর গ্রামের বাসিন্দা রাজদীপ ঘোষের সাফল্যে খুশির জোয়ার বইছে গোটা এলাকায়। রাজদীপ আইন বিভাগ থেকে এল.এল.এম. চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে। রাজদীপের এই সাফল্যের জন্য অসম বিশ্ববিদ্যালয়ের ১৮ তম সমাবর্তন অনুষ্টানে স্বর্ণপদকে সম্মানিত করা হয় তাকে। শুক্রবার অসম বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নীতিন গড়করি। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দন সাণোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, রাজ্যের বন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের সাংসদ রাজদীপ রায়। রাজদীপ ২০১৯ সালের ডিসেম্বর মাসে এল.এল.এম. উত্তীর্ণ হন। উল্লেখ্য, রাজদীপ এল.এল.এম. এর ছাত্র থাকাকালীন ইউজিসি-নেট পরীক্ষায় সফলথা অর্জন করেন।রথীন্দ্র ঘোষ ও অনিমা ঘোষের ছেলে রাজদীপের শিক্ষাজীবন গ্রামের বাংলা মাধ্যম বিদ্যালয় রমণী নাথ পাঠশালা থেকে শুরু হয়। পরে বিহাড়ার যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক উত্তীর্ণ হওয়ার পর শিলচরের গুরুচরণ মহাবিদ্যালয় থেকে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে বি.এ.এল.এল. বি. (অনার্স) ও এল. এল. এম. শেষ করার পর তিনি এখন পি.এইচ.ডি. করছেন। তার পাশাপাশি রাজদীপ অল ইন্ডিয়া বার এক্সামইনেশন ও ডিপ্লোমা ইন কম্পিউটার এপ্লিকেশন উত্তীর্ণ হয়েছেন। অদূর ভবিষ্যতে রাজদীপ আইনের একজন প্রফেসর হয়ে দেশগঠন ও ব্যাক্তি নির্মাণের কাজ করতে আগ্রহী। বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করা রাজদীপ প্রধানত ছাত্র সংগঠন এবিভিপির সদস্য ও বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ের এবিভিপি শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজদীপের এই সাফল্যের জন্য তার শুভাকাঙ্ক্ষীরা খুব খুশি ও তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশাবাদী। বাংলা মাধ্যম বিদ্যালয়ের ছাত্র রাজদীপের সাফল্য নতুন প্রজন্মের কাছে প্রেরণাদায়ী হবে বলে মনে করছেন অনেকে।









কোন মন্তব্য নেই