দুর্দিনে সবার প্রিয় রাখাল দাশগুপ্ত চলে গেলেন
অমল গুপ্ত, গুয়াহাটিঃ আমাদের সবার প্রিয় বিশিষ্ট শ্রমিক নেতা রাখাল দাস গুপ্ত এই দুর্দিনে সবাইকে ছেড়ে চলে গেলেন।তার মত উদার হৃদয়ের জন নেতা বিরল, অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি রাখাল দাশ গুপ্ত, লামডিং পাণ্ডু মালিগাঁও-এর রেল শ্রমিকদের প্রাণের আপন জন ছিলেন। দুদিন আগেই লামডিং লিটল স্টার একাডেমির অধ্যক্ষ জয়শ্রী আচার্য্যর সঙ্গে আগামী ফেব্রুয়ারি মাসে নয়া ঠাহর ও লিটল স্টার-এর বার্ষিক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর কথা হয়েছিল। আমাদের এক অনুষ্ঠানে তিনি বিশিষ্ট অতিথি হিসাবে আমন্ত্রণ রক্ষা করেছিলেন।
চেন্নাই চিকিৎসার সময়ও এই প্রতিবেদকের সঙ্গে কথা হয়েছিল। অসুস্থতার আগে হঠাৎ একদিন ফোন এল, তিনি জানতে চাইলেন করোনা উদ্ভুত পরিস্থিতিতে আমি কেমন আছি। কিছুটা অবাক হলাম। আমার মত ক্ষুদ্র ব্যক্তির খবর নেওয়ার মত উদার হৃদয় তার ছিল। তিনি নিজেই করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রাখাল বাবু ৮৯ বছরে রেল শ্রমিকদের কাঁদিয়ে চলে গেলেন। রেলের দুর্দিন চলছে, সমস্ত
রেলকে নিলামের দরে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে। শ্রমিকদের জীবন জীবিকার নিরাপত্তা নেই, অনিশ্চিত জীবন। ঐতিহাসিক লামডিং রেল শহরের আগের ঐতিহ্য নেই। ডি আর এম অফিস ফাঁকা, গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদ করার একজন নেতাই ছিলেন রাখাল দাশ গুপ্ত। তিনি চলে গেলেন। তার মৃত্যুতে লামডিং শোকস্তব্ধ , তিনদিন শোক দিবস পালন করা হবে। বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।











কোন মন্তব্য নেই