ত্রিপুরায় আক্রান্ত চিত্র সাংবাদিকরা, আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
বিপ্লব বৈদ্য, আগরতলাঃ সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় মৌন বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। ২০ ডিসেম্বর রবিবার পুরাতন আগরতলার খয়েরপুরে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন উপাধক্ষ্য পবিত্র করের বাড়িতে বাম যুব সংগঠনের একটি সভা চলাকালীন হামলা চালায় শাসক বিজেপি দলের কর্মীরা। হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় দুই দলের রাজনৈতিক সংঘর্ষ বাধে। এই রাজনৈতিক সংঘর্ষের খবর সংগ্রহ করতে আগরতলায় থেকে ছুটে যায় চিত্র সাংবাদিকরা। উন্মুক্ত হামলাকারীদের আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি চিত্র সাংবাদিকরাও। এই ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত সাংবাদিকরা। ঘটনার চার দিন পরও কোন হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর হুমকির পর থেকে গোটা রাজ্যে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা বেড়ে যায় হু হু করে। মুখ্যমন্ত্রীকে হুমকি প্রত্যাহার করে নিতে আবেদন জানায় ত্রিপুরার সাংবাদিকদের বৃহত্তর সংগঠন এসেম্বলি অফ জার্নালিস্ট। মুখ্যমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করায় মুখে কালো কাপড় বেঁধেও বিক্ষোভ প্রদর্শন ও গন অবস্থানও সংগঠিত করেন সাংবাদিকরা।সাংবাদিকদের প্রকাশ্য হুমকি দেওয়ার বিষরটি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সমেত বিভিন্ন ফোরামে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এসেম্বলি অফ জার্নালিস্ট সংগঠনের নেতারা। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ইস্যুতে মামলা নিয়েছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ।









কোন মন্তব্য নেই