ওদালবাক্রার বিবেকানন্দ কল্যাণ কেন্দ্রে লোকমাতা নিবেদিতার ১৫৩তম জন্মবার্ষিকী পালন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ ২৮ অক্টোবর ওদালবাক্রার
বিবেকানন্দ কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে কল্যাণ কেন্দ্রের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষয়িত্রী
তথা কর্তৃপক্ষীয়দের উপস্থিতিতে একটি ভাবগম্ভীর শ্রদ্ধাতর্পণ সভায় লোকমাতা
নিবেদিতার ১৫৩তম জন্মবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। লোকমাতার বিশাল পূর্ণাবয়ের
প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ অর্পণ করে ছাত্রছাত্রীরা স্বামীজি
রচিত নিবেদিতার প্রতি আশীর্বাণী আবৃত্তি করে এবং তাঁর জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে
আলোচনাও করা হয়। সারা বছর ছাত্রছাত্রীরা প্রতিদিন নিবেদিতার নামে যে শ্লোক
উচ্চারিত করে, আজও তার সমবেত উচ্চারণ সহ ব্যাখ্যা করেন কল্যাণ কেন্দ্রের সাধারণ
সম্পাদক জহরলাল সাহা। নিবেদিতাকে নিয়ে রচিত পুস্তক ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে
সাহাবাবু ঘোষণা করেন যে ওই বইগুলি সবাই পড়ে শেষ করার পর লোকমাতার উপর এক
পক্ষকালের মধ্যেই একটি কর্মশালা আয়োজিত করা হবে। নিবেদিতার আহ্বান ছিল, “ভারতের প্রত্যেক নারীকে আমি
অন্তর থেকে একান্ত কামনা জানাই, তারা পাশ্চাত্য সাহিত্যের চেয়ে বরং মহত্ প্রাচ্য
সাহিত্য পাঠ করুক। তোমাদের সাহিত্যই তোমাদের উন্নতির পথ করে দেবে। তাকে ধরে থাকো।
আধুনিক ইংরেজি শিক্ষার জৌলুস তোমাদের সরল জীবনের বিনয় ও মাধুর্যকে কালিমালিপ্ত না
করুক।” নিবেদিতার এই আহ্বানের সাড়া দিয়েই কল্যাণ কেন্দ্রের
মাতৃভাষিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা। তাঁর আদর্শেই একটি ছাত্রাবাস স্থাপনের স্বপ্ন
নিয়ে এগিয়ে চলেছে বিবেকানন্দ কল্যাণ কেন্দ্র। নিবেদিতার স্বপ্নের ভারতবর্ষ
বাস্তবায়িত হবে তাঁর শিক্ষাদর্শকে অনুসরণ করেই। ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষয়িত্রীদেরকেই
তার আলোকবর্তিকা বহন করতে হবে।









কোন মন্তব্য নেই