হাফলং শহরের পুজো কমিটি গুলিতে প্লাস্টিক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ জেলাপ্রশাসনের
বিপ্লব দেব, হাফলংঃ শৈল শহর হাফলঙের পুজো প্যান্ডেল গুলিতে প্লাস্টিক দ্রব্য ও থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে ডিমা হাসাও জেলাপ্রশাসন। সোমবার হাফলঙের বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে জেলাপ্রশাসনের বৈঠকে জেলাশাসক অমিতাভ রাজখোয়া বলেন প্রত্যেক কমিটিকে বৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিতে হবে কোনও কমিটি যদি অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ করে তাহলে ওই কমিটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে জেলাশাসক বলেন প্রতিটি পুজো কমিটিকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এমনকি পুজো প্যান্ডেল গুলিতে সিসি টিভি ক্যামেরা সহ অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডার জল বালি মজুত রাখতে হবে। তাছাড়া পুজো দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে। শব্দদূষন রুখতে রাত ১০ টার পর থেকে সকাল ৮ টা পর্যন্ত মাইক ব্যবহারে নিষিদ্ধ করার পাশাপাশি শহরের পুজো প্যান্ডেলের ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে মটর সাইকেল বা যানবাহন পার্কিং করা যাবে না বলে জানান জেলাশাসক অমিতাভ রাজখোয়া। অন্যদিকে বৈঠকে পুলিশসুপার শ্রীজিৎ টি বলেন শহরের প্রত্যেক পুজো কমিটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রতিটি কমিটির স্বেচ্ছাসেবকদের নাম ঠিকানা ও ছবি পুলিশসুপার কার্যালয়ে পুজোর এক সপ্তাহ আগে জমা করতে হবে। তাছাড়া অনান্য বছরের মত পুজো প্যান্ডেল গুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ জওয়ান। পুজো কমিটির স্বেচ্ছাসেবকদের নিরাপত্তার দিক দিয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে পুজোর দিন গুলিতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। পুলিশসুপার বৈঠকে জানিয়েছেন হাফলং শহরের ট্যাক্সি স্ট্যান্ডে ও বিসর্জন ঘাটের পাশে দশমীতে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম খোলা হবে। বৈঠকে জেলাশাসক পুজোর দিন গুলি যাতে শান্তিপূর্ণ অতিবাহিত হয় এবং আইন শৃঙ্খলা যাতে সবাই বজায় রাখে এই আহ্বান জানান। এদিনের বৈঠকে শহরের বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তা ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক সহ বিদ্যুৎ পর্ষদ ও পুর পর্ষদের আধিকারিকরা।









কোন মন্তব্য নেই