ডেট লাইন ৩১ আগস্ট, ২৫ ঘন্টা আগেও এনআরসি-র শুনানির নামে প্রহসন চলছে
অমল গুপ্ত, গুয়াহাটিঃ
তিন বছরের বেশি সময় ধরে এনআরসি নবায়নের কাজ চলছে, আর ২৫, ৩০ ঘন্টা বাদে চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে, বিষ্ময়ের কথা আজও নিম্ন অসমের বিভিন্ন অঞ্চলে এনআরসি-র শুনানি চলেছে। বিশ্বনাথ জেলার নাজির আহমেদ, লোভানু খাতুন, সুরজ আলী প্রমুখরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। মাত্র ১২, ১৪ ঘন্টা আগে তাদের নোটিশ পাঠানো হয়, অধিকাংশ নোটিশে প্রেরকের স্বাক্ষর, সিলমোহর নেই। আগের নথিপত্র খারিজ করার জন্যে পুনরায় ডাকা হয়েছে। কোনও কারণ জানানো হয়নি। নামের বানানেও ভুল আছে।
আমসু অভিযোগ করেছে বিদেশির সংখ্যা বৃদ্ধি করার জন্যে, এবং জাতীয়তা মহলকে খুশি করার জন্যে এনআরসি কর্তৃপক্ষ শেষ সময় পৰ্যন্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জয়প্রকাশ জয়সোয়াল, প্রাক্তন রাজ্যপাল এস কে সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ বলেছেন, অসমে ৫০, ৬০ লাখ বাংলাদেশি আছে, শাসক দল বিজেপির সভাপতি রঞ্জিত দাস, বিজেপির বিধায়ক নোমল মোমিন প্রমুখ আজও দাবি করেছেন এনআরসি তালিকায় লাখ লাখ বিদেশির নাম থাকার সম্ভাবনা প্রবল।
আসুর সভাপতি দীপাংক নাথ দাবি করেছেন যাদের নাম বাদ যাবে তাদের বাংলাদেশে নতুবা ভিন রাজ্যে পাঠাতে হবে, অসমে থাকতে হবে না। বিজেপি বিধায়ক রমাকান্ত দেউড়ি অন্যান্যদের মতো প্রতীক হাজেলাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন উনি তো বহিরাগত, অসমিয়ার স্বাভিমান বুজতে পারবেন না। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রায় প্রতিদিন রাজ্যের জনগণের প্রতি আহবান জানিয়ে বলেছেন, এনআরসি-তে নাম না থাকলেও শঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না। নাম অন্তর্ভুক্ত এর সময় দেওয়া হবে।
ডিজিপি কুলধর শইকিয়া জানিয়েছেন সোশাল মিডিয়ার ওপর কড়া দৃষ্টি রাখা হয়েছে, ১৪ টি স্পর্শকাতর জেলাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের ২৫০০ এনআরসি সেবা কেন্দ্রের ওপর সতর্ক দৃষ্টি দেওয়া হয়েছে, অনেক জায়গাতে ১৪৪ ধারা জারি করা হবে। আগামী ১ সেপেম্বর থেকে ২০০ টি বিদেশি ট্রাইবুন্যাল চালু হয়ে যাবে, ৬০ দিনের মধ্যে নিস্পত্তিহীন মামলাগুলি নিষ্পত্তির চেষ্টা হবে। এনআরসি-তে নাম না থাকলেও কাউকে বিদেশি বলা যাবে না, ডিটেনশন ক্যাম্পে ও পাঠানো যাবে না। বিদেশি ট্রাইব্যুনালে বিদেশি ঘোষিত না হওয়া পৰ্যন্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বলে সরকার স্পষ্ট করে দিয়েছে।









কোন মন্তব্য নেই