নারদ তদন্তে তৃণমূলের ৩ সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা, স্পিকারের কাছে অনুমতি প্রার্থনা সিবিআই'র
বিশ্বদেব চট্টোপাধ্যায় : তৃণমূলের ৩ লোকসভা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে স্পিকারের কাছে অনুমতি চাইল সিবিআই। এমনটাই সূত্রের খবর। সিবিআই সূত্রে খবর এই তালিকায় রয়েছেন, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়। ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে নারদা স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হয়েছিল যেখানে এই তিন জনকে টাকা হাতে দেখা গিয়েছিল। যদিও সেই ভিডিও পরীক্ষা করে দেখেনি কোন সংবাদমাধ্যম।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, তাদের তরফ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দেওয়া হয়েছে। সেখানে এই তিন সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুমতি চাওয়া হয়েছে। এই তিনজন ছাড়াও তমলুকের প্রাক্তন সাংসদ তথা রাজ্যের পরিবহণমন্ত্রীও এই মামলায় অভিযুক্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক সিবিআই-এর এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অনুমতি পেলেই নারদ মামলায় প্রথম চার্জশিট দাখিল করা হবে। তাতে ওপরে উল্লিখিত চার নেতানেত্রীর নামে অভিযোগ থাকবে।
সূত্রের খবর অনুযায়ী চার্জশিটে আপাতত মুকুল রায়ের নাম থাকছে না। ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তবে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যাবে বলে জানা গিয়েছে।
২০১৪ সালে নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েল ব্যবসায়ী সেজে স্টিং অপারেশন চালিয়েছিলেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে নারদা স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হয়েছিল।









কোন মন্তব্য নেই