'দায়িত্বজ্ঞানহীন' পাকিস্তানের কাশ্মীর নিয়ে উসকানিকে চাঁচাছোলা আক্রমণ ভারতের
বিশ্বদেব চট্টোপাধ্যায় : কাশ্মীর ইস্যুতে সাম্প্রতিক সময় পাকিস্তানের প্রশাসনিক নেতারা যে ধরনের মন্তব্য করে এসেছেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করল ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সরকারের তরফে সাংবাদিক বৈঠক করে পাকিস্তানি নেতাদের কাশ্মীর নিয়ে নানা মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন।
কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নিয়েছে ভারত। ভূস্বর্গের বিষয়টি একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে সেই বিষয়ে যেভাবে পাকিস্তানের রাষ্ট্রনেতারা মন্তব্য করছেন তাকে দায়িত্বজ্ঞানহীন বলেই মনে করছে ভারত। রবীশ কুমারের কথায়, পাকিস্তান সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতি বানিয়ে ফেলেছে। ভারতের বিরুদ্ধে অবিলম্বে তাদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে।
প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যুকে সামনে রেখে ভারত বিরোধী মন্তব্য করেছেন। যুদ্ধের হুমকি দিয়েছেন। তার এদিন কড়া সমালোচনা করেছে ভারত। রবীশ কুমার বলেছেন, সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে পাকিস্তান। যা ভারত কোনওদিন সফল হতে দেবে না।
এদিন সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে রবীশ কুমার স্বীকার করে নিয়েছেন, পাকিস্তান জঙ্গিদের দিয়ে এদেশে নাশকতা ছড়ানোর চেষ্টা করছে। ভারত এই ধরনের নাশকতা ঠেকাতে তৎপর। তবে পাকিস্তানকেও সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে হবে। এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।









কোন মন্তব্য নেই