Header Ads

পাখির চোখ ২০২১ নির্বাচন, দিদির নির্দেশে গ্রামে রাত কাটাবেন তৃণমূল নেতারা

বিশ্বদেব চট্টোপাধ্যায় : ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল হাতিয়ার জনসংযোগ। আর জনসংযোগের লক্ষ্যে তৃণমূল কগ্রেস ১০ হাজার গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাজারও তৃণমূল নেতা-নেত্রী দলে দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে ঘুরবেন। অভাব অভিযোগের কথা শুনবেন। তাঁদের সঙ্গে গড়ে তুলবেন নিবিড় সম্পর্ক।
লোকসভায় ধাক্কা খাওয়ার পর ২০২১ বিধানসভার আগে ঘুরে দাঁড়াতে হোলটাইমার নিয়োগের সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল কংগ্রেস--বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরকে সমূলে উৎখাত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানালেন, দল কোনও হোলটাইমার বা পার্ট টাইমার নিয়োগ করছে না। কারণ বিজেপির মতো ধনী পার্টি নয় তৃণমূল। সোমবার নজরুল মঞ্চে দলীয় জনসংযোগ কর্মসূচির সূচনা করে মমতা জানান, কোনও হোলটাইমার নিয়োগ হচ্ছে না। কিছু কিছু সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। আমাদের সঙ্গে কথা না বলেই এই খবর করা হয়েছে। আমরা হোলটাইমার রাখছি না।
মমতা বলেন, আমরা হোলটাইমার রাখছি না, কারণ আমাদের পয়সা নেই। সবাই তো বিজেপির মতো বড় পার্টি নয়। আমরা ছোট পার্টি। হোলটাইমার বা পার্ট টাইমার রাখার সামর্থ কোথায় আমাদের! আমরা মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য পার্টি করি। তা-ই করব।
মমতা তাই বাংলার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এই নয়া অভিযান কর্মসূচির সূচনা করছেন। মমতা বলেন, ১০ হাজারেরও বেশি গ্রাম তাদের প্রাথমিক টার্গেট। তৃণমূল নেতারা শুধু গ্রামে গ্রামে ঘুরে মানুষের অভাব-অভিযোগ শুনবেন না, তাঁরা প্রয়োজনে গ্রামে রাত কাটাবেন, গ্রামবাসীদের সঙ্গে খাওয়াদাওয়াও করবেন।
না, বাংলার সাধারণ মানুষের সঙ্গে শুধু এই নিবিড় সম্পর্ক তৈরি করেই থামতে চাইছে না তৃণমূল। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসংযোগ কর্মসূচিরই প্রধান অঙ্গ হিসেবে ‘দিদিকে বলো' অভিযানের সূচনা করছেন। ‘দিদিকে বলো' অভিযানে সরাসরি ফোন করতে পারবেন সাধারণ মানুষ। ও প্রান্তে কথা বলবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বাংলার মানুষ তাঁর এলাকার সমস্যা জানাতে পারেন ফোন করে। ‘দিদিকে বলো' অভিযানে সাধারণ মানুষ ফোন করতে পারবেন ৯১৩৭০৯১৩৭০ নম্বরে।
একইসঙ্গে ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন। লিখিত অভিযোগ জানাতে যেতে হবে ‘দিদিকে বলো ডট কম'-এ। ওয়েবসাইটটি হল- didikebolo.com। মমতা বলেন, কোনও অভাব-অভিযোগ থাকলে ফোন করে জানাতে পারেন। আপনাদের মতামত জানাতে পারেন এই নম্বরে।
মমতার কথায়, মানুষ নিজের কথা বলতে পারবে। সমস্যার কথা জানাতে পারবে। অভাব-অভিযোগ করতে পারবে। আর আমি চেষ্টা করব, তাদের সমস্যা মেটাতে। হয়তো সব করতে পারব না, তবে যতটা সম্ভব করব। তবে একটা অনুরোধ, যাঁরা ফোন করবেন, আপনার এবং আপনার এলাকার সমস্যাই বলবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.