উত্তর ত্রিপুরা জিলার দামছড়া বাজার কমিটির অফিসে মৃতদেহ উদ্ধার
নয়া ঠাহর প্রতিবেদন, বালিপিপলা : উত্তর ত্রিপুরা জিলার দাম ছড়ায় প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বাজার বসে। প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের গত মঙ্গলবার সকাল ছটা থেকে দোকান খোলে বসেন ব্যাবসায়ীরা। কেনা বেচা ও চলছে যথারীতি। হঠাৎ আনুমানিক দশটা সাড়ে দশটা নাগাদ দামছড়া সুপার মার্কেটের কাপড় ব্যাবসায়ীরা পঁচা দুর্গন্ধ পান ও মার্কেটের আশে পাশে খোঁজাখুঁজি শুরু করেন। এদের মধ্যে একজন ব্যবসায়ী কৌশিক দেবনাথের দৃষ্টি যায় বাজার কমিটির অফিস গৃহের দিকে। কাছে গিয়ে দরজা খুলতেই পঁচা দুর্গন্ধ তার নাকে লাগে। সাথে সাথেই তিনি বাজার কমিটির সদস্য গোপাল দত্তকে এবং বাজার কমিটির সভাপতি ও সম্পাদককে জানান। বিষয়টি জানানো হয় দামছড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকদেরও। ছুটে আসেন দামছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। তারা এসে বাজার কমিটির অফিস গৃহের দরজা খুলতে গিয়ে দেখেন দরজার
কড়াটি ভাঙা ও তালায় অন্য একটি চাবি লাগানো। দরজা খুলে দেখেন ভিতরে এক মৃতদেহ। দামছড়া বাজার কমিটির সহ সভাপতি অভিজিৎ পাল সংবাদ প্রতিনিধিদের সাথে আলাপ চারিতার সময় জানান যে, প্রায় ১৯/২০ দিন থেকে এই অফিস গৃহটি বন্ধ রয়েছে এবং বন্ধবস্থায় এখানে কোনো ধরনের সভা করা হয় নি। সঙ্গে তিনি এটাও স্পস্টিকরণ করেন এই অফিসের একটি চাবি রয়েছে বাজার কমিটির সম্পাদক বিজন দাসের কাছে ও অপরটি রয়েছে গোপাল দত্তের কাছে। তবে মৃতদেহটি কিভাবে এই অফিস গৃহে এলো এবং ঘটনাটি কিভাবে ঘটলো এই প্রশ্নের উত্তর দিতে পারেন নি অভিজিৎ পাল সহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা। যেহেতু বাজার থেকে দোকানের দূরত্ব প্রায় এক কিলোমিটার তাই তারা সঠিক করে কোনোকিছু বলতে পারছেন না বলে জানান। তবে মৃতদেহটি এই এলাকার নয় বলে নিশ্চিত এলাকাবাসী। এলাকার কেউই অপরিচিত মৃতদেহটি চিনতে পারছেন না বলে মন্তব্য করেন। অবশেষে সন্ধ্যা ছ'টায় ফরেনসিক দল আসার পর পুরো এলাকাটি তদন্ত করে মৃতদেহটি পানিসাগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এখন পর্যন্ত গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি। তদন্ত চলছে।








কোন মন্তব্য নেই