Header Ads

কাজিরাঙা, ডিব্রু সৈখোয়া বনাঞ্চল ব্রহ্মপুত্রের বন্যায় প্লাবিত বন্য জন্তুরা বিপদে

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ 
গত মঙ্গলবার থেকে গুয়াহাটি মহানগর সহ সমগ্র রাজ্যের বিভিন্ন অঞ্চলে লাগাতার বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ৮টি জেলার  সাম্প্রতিক বন্যা ও ধসের ফলে প্রায় ১৫৯ টি গ্রাম জলমগ্ন হয়েছে। লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, তিন হাজারেরও বেশি কৃষি জমি প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ধেমাজি এবং লাখিমপুর। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল
বিশ্বনাথ, বরপেটা, চিরাং, গোলাঘাট, যোরহাট এবং ডিব্রুগড় জেলা কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের অন্যতম দ্রষ্টব্য স্থান রাষ্ট্রীয় উদ্যান কাজিরাঙার এক বৃহৎ এলাকা প্লাবিত হয়েছে, বিশ্বের বিপন্ন প্রজাতির প্রাণী এক শিং বিশিষ্ট গণ্ডার বিপদের মুখে পড়েছে। কাজিরাঙা বনাঞ্চল ভেদ করে যাওয়া ৩৭ নম্বর জাতীয় সড়ক প্লাবিত হয়েছে, প্রতিবছর বন্যার সময় হরিণ হাতি, গণ্ডার, শুকর প্রভৃতি জন্তু ওই রাস্তা পারাপার করার সময় গাড়ি চাপা পড়ে মারা যায়। বন বিভাগ গাড়ি মোটরের গতি নিয়ন্ত্রণ এর ব্যবস্থা করে থাকে।

 দেশের মধ্যে একমাত্র বুনো ঘোড়ার জন্যে বিখ্যাত তিনসুকিয়া জেলার ডিব্রু সইখোয়া অভয়ারণ্যের বিশাল এলাকা ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। গুয়াহাটি মহানগরের চার পাশে সবুজ পাহাড় গুলি থেকে বেআইনিভাবে পাথর ,বালি, মাটি কাটা বন্ধ করার ক্ষমতা বা সৎ সাহস সরকারের নেই। পাহাড়ের মাথাতেও নির্মাণ চলছে, বনমন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য বুধবার বেআইনিভাবে বালি পাথর সংগ্রহকারীদের  হুশিয়ার করে দিয়েছেন। 

অবিরাম বৃষ্টিপাতের ফলে গুয়াহাটির পাহাড়গুলো থেকে ধস নামছে, এদিন গড়চুক পাহাড়ে এবং দিপার বিল অঞ্চলে পাহাড়ে ধসের ফলে নারায়ণ সাহা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন একজন গুরুতর আহত হয়েছেন। প্রতিবছর এই ধরনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে, কিন্তু পাহাড়ে পাথর কাটা বন্ধ হয়নি। পাহাড় গুলোর সবুজ জঙ্গল সব   ধ্বংস করা, গাছ মাটি বালি ধরে রাখে, অল্প বৃষ্টিতে মাটি আলগা হয়ে যায় আবহাওয়া দপ্তর জানিয়েছে ১৫ তারিখ পৰ্যন্ত অসম, মেঘালয় প্ৰভৃতি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে মাঝারি থেকে  ভারি বৃষ্টি পাত হবে। 

মাজুলি, গুয়াহাটি, তিনসুকিয়া প্রভৃতি জেলাতে ব্রহ্মপুত্র নদে ফেরি সেবা বন্ধ করা হয়েছে। ব্রহ্মপুত্র, ধনসিঁড়ি, জিয়াভরালি নদীর জল বিপদ সীমার ওপরে বইছে বলে সরকারি সূত্রে জানা গেছে। জলবিদ্যুৎ প্রকল্প নেপক-এর জল ছাড়ার ফলে লাখিমপুর জেলা প্লাবিত হয়েছে অপরদিকে হোজাই জেলায় কারবি লাংপি জল বিদ্যুৎ প্রকল্প থেকে জল ছাড়ার ফলে বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.