Header Ads

১২ ঘন্টার বনধে বৃহস্পতিবার স্তব্ধ ছিল ডিমা হাসাও জেলার স্বাভাবিক জনজীবন

বিপ্লব দেব, হাফলংঃ কেন্দ্রীয় সরকার ডিমা হাসাও কার্বি-আংলং ও পশ্চিম কার্বি-আংলং জেলাকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের প্রস্তাব খারিজ করে দেওয়ার প্রতিবাদে এইচএসডিসি,কেএসএ,কেএনসিএ আইসা সহ ৪০ টি দল সংগঠনের ডাকা ১২ ঘন্টার বনধে তিনটি পাহাড়ি জেলার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে বৃহস্পতিবার।

 ছবি, নিজস্ব
 ৪০ টি বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে ডাকা ১২ ঘন্টার কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা বনধকে নৈতিক সমর্থন জানিয়েছিল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন। যার দরুন ডিমা হাসাও জেলার শৈল শহর হাফলং সহ মহকুমা সদর মাইবাং,মাহুর,হারাঙ্গাজাও,উমরাংশু, দিয়ুংমুখ হাতিখালি লাংটিং প্রভৃতি এলাকায় বনধ ছিল সর্বাত্মক ও শান্তিপূর্ণ। বৃহষ্পতিবার বনধের জেরে জেলা সদর হাফলঙে বাজার হাট দোকান পাট ব্যাঙ্ক পোষ্ট অফিস এলআইসি-র মত প্রতিষ্ঠান সবই ছিল বনধের আওতায়। এমনি শৈল শহরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলি ছিল সম্পূর্ণ বন্ধ। উত্তর পূর্ব পার্বত্য পরিষদ সচিবালয় থেকে শুরু করে সব সরকারি কার্যালয় কাজ কর্ম বৃহস্পতিবার স্তব্ধ হয়ে পড়েছিল। শুধু জেলাশাষকের কার্যালয় খোলা ছিল তবে কর্মীদের উপস্থিতি ছিল একেবারে নগন্য। বনধের দরুন শহরের রাস্তায় সরকারি বেসরকারি কোন যানবাহন বা দূরপাল্লার কোন যানবাহন চলাচল করে নি তবে পাহাড় লাইনে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। এদিন হাফলং শহরে কোনও বনধ সমর্থকদের চোখে পড়ে নি। পিকেটার ছাড়াই বনধ পালিত হয় সর্বাত্মক। এদিকে কার্বি-আংলং ও পশ্চিম কার্বি-আংলংঙে বন ছিল সর্বাত্মক ও শান্তিপূর্ণ। উল্লেখ্য সংবিধানের ২৪৪(এ) অনুচ্ছেদ অনুসারে বিগত ৩৩ বছর থেকে কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলাকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন দল সংগঠন। এমনকি পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবিতে দুটি পাহাড়ি জেলায় সশস্ত্র আন্দোলনের ফলে জেলার সার্বিক উন্নয়ন থমকে পড়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এই পৃথক স্বশাসিত রাজ্যের দাবি পত্রপাঠ খারিজ করে দেয়। যার ফলে পৃথক স্বশাসিত রাজ্যের দাবিতে অসমের দুটি পাহাড়ি জেলার বিভিন্ন দল সংগঠন পুনরায় সরব হয়ে পড়ে। সম্প্রতি ডিফু লোকসভা আসনের সাংসদ হরেন সিং বে সংসদে কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলাকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করলে এর জবাবে কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রী জি কিষান রেড্ডি বলেন কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলাকে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের কোনও প্রস্তাব নেই কেন্দ্রের কাছে। যার দরুন পৃথক স্বশাসিত রাজ্যের সমগ্র ইস্যুটি চলে যায় হিমঘরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.