ইথিওপিয়ায় একদিনে ২০ কোটির বেশি গাছের চারা রোপণ
নয়া ঠাহর প্রতিবেদন : এক দিনে ২০ কোটির বেশি গাছ লাগিয়েছে নজির গড়ল আফ্রিকার দেশ ইথিওপিয়া। দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ এই বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বে ছিলেন। এক দিনে সবচেয়ে বেশি গাছ লাগানোর বিশ্ব রেকর্ড করেছে ইথিওপিয়া, এমন দাবিও করছে দেশটির সরকার।
দেশটির প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টুইট করে বলেছেন, ইথিওপিয়ায় সোমবার কেবল এক দিনেই ২২ কোটি গাছ লাগানো হয়েছে। ৪০০ কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে সরকার, এমনটিও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।
খরা প্রবণ এই দেশটিতে সবুজ গাছের সংখ্যা দিন দিন কমছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, একবিংশ শতাব্দীতে এসে ইথিওপিয়ার বনভূমির হার ৩৫ শতাংশ থেকে কমতে কমতে মাত্র ৪ শতাংশের একটু ওপরে এসে ঠেকেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে তাই এমন কর্মসূচি হাতে নিয়েছে দেশটির সরকার।
জানা গেছে কত গাছ লাগানো হলো, সেটি গুনে রাখার জন্য আলাদা লোক নিয়োগ দিয়েছে ইথিওপিয়ার সরকার। দেশটির অন্তত ১ হাজার ভিন্ন ভিন্ন জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রী আবি আহমেদের সমালোচকদের দাবি, দেশটিতে চলমান নানা সংকটের ওপর থেকে জনগণের মনোযোগ সরিয়ে নিতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি। দেশটিতে চলমান জাতিগত বিদ্বেষের কারণে প্রায় ২৫ লাখ লোক দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।
উল্লেখ্য, এক দিনে সবচেয়ে বেশি গাছ লাগানোর স্বীকৃত রেকর্ডটি বর্তমানে ভারতের দখলে। ২০১৬ সালে ৮ লাখ স্বেচ্ছাসেবকের সহযোগিতায় এক দিনে ৫ কোটি গাছ লাগিয়েছিল ভারত।









কোন মন্তব্য নেই