Header Ads

কাশ্মীরের নিরাপত্তায় ১০ হাজার সেনা-জওয়ান, নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

নয়া ঠাহর প্রতিবেদন: ১৫ অগস্টের আগে কাশ্মীর উপত্যকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। অমরনাথ যাত্রা উপলক্ষে আগে থেকেই জম্মু-কাশ্মীরে অতিরিক্ত ৪০ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল। এ বার সারা দেশ থেকে আরও ১০ হাজার সেনা-জওয়ানকে মোতায়েন করা হল কাশ্মীরে।
দ্বিতীয় বারের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর অজিত ডোভাল দু’দিনের সফরে জম্মু-কাশ্মীর গিয়েছিলেন। তিনি সেখান থেকে ফিরে আসার পরেই কেন্দ্র এই সিদ্ধান্ত নেয়। শুক্রবার রাতের মধ্যেই নির্দেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। রাতারাতি কাশ্মীরে পাঠানো হয় ১০০ কোম্পানি বাহিনীকে।
কার্গিল দিবসের ২০ বছর উদযাপনের দিনই সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, পাক নাশকতার ইতি হয়নি এখনও। বরং, সীমান্তের ও-পারে যুদ্ধ-মনোভাব নিয়ে প্রতিদিনই ভারতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। কখনও সেনা ছাউনি, কখনও নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রামগুলিতে উড়ে এসে পড়ছে পাক গোলা। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, “ভারতের বিরুদ্ধে নাশকতার বিন্দুমাত্র চেষ্টা চালালে মেরে নাক ফাটিয়ে দেব।” 
ভারতে ফের বড়সড় নাশকতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠনগুলি, এমন আভাস আগেই দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বিশেষত স্বাধীনতা দিবসের দিন যে কোনও রকম নাশকতার চেষ্টা বানচাল করতে ও কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই বিশেষ ব্যবস্থা বলে জানা।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ জানিয়েছেন, উত্তর কাশ্মীরে নিরাপত্তা বাহিনী প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও বাহিনীর প্রয়োজন ছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে এয়ারলিফট করে এই বাহিনী নিয়ে আসা হয়েছে কাশ্মীরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.