Jahangir Alom চৌধুরী কে সম্বর্ধনা জানানো বি ডি এফ
Naya Thahor
উচ্চমাধ্যমিক বানিজ্য বিভাগে রাজ্যসেরা তৃতীয় স্থান অর্জনকারী হাইলাকান্দির জাহাঙ্গীর আলম চৌধুরীকে সংবর্ধনা জানাল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট।
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বানিজ্য বিভাগে রাজ্যসেরা তৃতীয় স্থান পেয়েছে হাইলাকান্দি জেলার জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ হাইলাকান্দি লক্ষীরবন্দে তাঁর বাড়িতে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা জানালেন বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের এক প্রতিনিধি দল।
পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ ইউথ ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে উচ্চমাধ্যমিক পরীক্ষার এবারের মেধা তালিকায় বানিজ্য বিভাগে তৃতীয় স্থান অর্জন করে জাহাঙ্গীর জাতিধর্ম নির্বিশেষে বরাকের সমস্ত নাগরিকদের গর্বিত করেছে। এজন্য সবার মতো বিডিওয়াইএফও আনন্দিত ও গর্বিত। তাই তাঁকে সংবর্ধনা জানাতে তাঁরা হাইলাকান্দিতে তাঁর বাড়িতে এসেছেন। তিনি আরো বলেন যে ইদানীং বিভিন্ন পরীক্ষায় বরাকের ছাত্রছাত্রীরা যথেষ্ট ভাল ফল করছেন। এটি এই উপত্যকার জন্য অবশ্যই সুখবর। জাহাঙ্গীরের মতো মেধাবী ছাত্রদের দেখে আরো অনেকে অনুপ্রাণিত হবেন এবং এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। একই সাথে তিনি বলেন যে এই অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তার জন্মস্থান ও সমাজের প্রতি দায়বদ্ধতা থাকাও জরুরী,অন্যথা এই উপত্যকার উন্নয়ন সম্ভব নয়। তাই সামাজিক দায়িত্ব পালনেও তাঁদের যত্নবান হবার জানান তিনি। এছাড়া জাহাঙ্গীরের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন তিনি।
এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে জাহাঙ্গীর এই সাফল্যে তিনি আনন্দিত ও গর্বিত । তিনি বলেন যে এবারের ইউপিএসসি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় মুসলিম ছাত্রছাত্রীরা অসম্ভব ভালো ফল করেছে। এজন্য তিনি সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন যে রাজের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মুসলিমরা কেন মাদ্রাসায় পড়বে ? তাঁরা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়বে এটা তিনি চান। প্রদীপ বাবু বলেন মুসলিম ছাত্র ছাত্রীরা এবার মুখ্যমন্ত্রীর এই ইচ্ছা পূরণ করেছে। তাঁরা দেখিয়ে দিয়েছে যে মেধার ক্ষেত্রে তাঁরা অন্য সবার চেয়ে কোন অংশেই কম নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আসামেরই এক প্রতাপশালী মন্ত্রী এই ফলাফলের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি এসে মন্তব্য করেছেন যে হিন্দু ছেলেমেয়েরা যদি পড়াশোনা না করে তবে আজমলের ছেলেরাই নাকি আসামে রাজত্ব করবে। তিনি বলেন বদরুউদ্দিন আজমল এখানে বিবেচ্য বিষয় নয়, কিন্তু মন্ত্রীর কথার ইঙ্গিতটি কুরুচিপূর্ণ এবং সোজাকথায় সাম্প্রদায়িক বিদ্বেষকে উস্কে দেওয়ার জন্যই এই বক্তব্য। প্রদীপবাবু বলেন যে বিজেপি দলের সাম্প্রদায়িক এজেন্ডা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে কোমলমতি শিক্ষার্থীদের নিয়েও রাজনীতি করা হচ্ছে। এবং শুধু তাই নয় এই বক্তব্যের মাধ্যমে এই মন্ত্রী এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর পুর্ববর্তী বক্তব্যকেও নস্যাৎ করেছেন। প্রদীপ বাবু বলেন যে বিডিএফ মন্ত্রীর এইধরণের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি বরাকের জনগনকে এইসব চক্রান্তে কান না দিয়ে বরাকের অসাম্প্রদায়িক উজ্জ্বল ভবিষ্যতের জন্য দায়বদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে জাহাঙ্গীরকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিডিএফ মিডিয়া সেলের হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য। এরপর একটি মানপত্র তার হাতে তুলে দেন যুবফ্রন্ট ও বিডিএফ এর মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত ও প্রদীপ দত্তরায়। এছাড়া উপহার স্বরূপ দুটি বইও তার হাতে তুলে দেওয়া হয়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী এদিন বিডিএফকে ধন্যবাদ জানিয়ে বলে তাঁর এই কৃতিত্বের জন্য মূলত তাঁরা পরিবার ও শিক্ষকদের অবদান রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব হতনা।
বিডিওয়াইএফ এর পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন সদস্য দেবায়ন দেব।








কোন মন্তব্য নেই