Header Ads

সাপ. মারা. নিষেধাজ্ঞা আরোপ করা উচিত

গত বর্ষায় বিশেষ করে বন্যা এবং বন্যা পরবর্তি সময়ে খুব বেশি সর্প দংশনের খবর পেয়েছি। একাধিক প্রাণহানির খবরও কানে এসেছে। এ বছরও গতবারের ন্যায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গত বছরের ন্যায় বড় মাপের বন্যার আশঙ্কা রয়েছে। এমনিতেই বর্ষাকাল সাপের প্রজননের মরশুম তাই এই সময়ে সাপের উপদ্রব বেশি হয়। অনেক প্রজাতির সাপ বৃষ্টির সময় শিকারের খোঁজে বের হয়। তার উপর বন্যা ও অতিবৃষ্টির ফলে সাপদের আবাসস্থল ডুবে গিয়ে একদিকে যেমন তারা আশ্রয়হীন হয়ে যায় অন্যদিকে শিকারের অভাব দেখা দেয় তাই বাধ্য হয়ে মানুষের ঘরবাড়িতে আশ্রয় নিতে চেষ্টা করে। এজন্য বর্ষার সময় খুব সতর্ক থাকা প্রয়োজন। 

মনে রাখবেন সব সাপই মানুষের জন্য উপকারি। পরিবেশের ভারসাম্য ও জৈব বৈচিত্র্য রক্ষা করতে খাদ্য শৃঙ্খলে সাপের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। আমাদের অঞ্চলে হাতে গোনা কিছু প্রজাতি ছাড়া অধিকাংশ প্রজাতির সাপই বিষহীন বা মৃদু বিষধর। সুতরাং সাপ মারবেন না। আঘাতপ্রাপ্ত অথবা খুব বেশি ভয় না পেলে সাপ মানুষ কামড়ায় না। বরং প্রকৃতিগত ভাবে মানুষ থেকে দূরে থাকাই সাপের স্বভাব।

সর্প দংশনের শিকার না হতে হয় তার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। নিম্নে কিছু পরামর্শ তুলে ধরলাম আশা করি এতে অনেকেই উপকৃত হবেন।
 
*০১> রাস্তাঘাটে হেঁটে যেতে চোখ কান খুলা রাখুন বিশেষ করে জঙ্গলাকীর্ণ পথে হাঁটার সময়। সাপের উপস্থিতির সম্ভাবনা থাকলে একটা লাঠি বা বাঁশের কঞ্চি হাতে ঝোপঝাড়ে ও মাটিতে আঘাত করে করে চলবেন। এতে আশেপাশে সাপ থাকলে পালিয়ে যাবে। 
*০২> রাতের বেলা অন্ধকারে বা মৃদু আলোতে চলা এড়িয়ে চলুন। যতই পরিচিত রাস্তা হোক টর্চ ছাড়া বেরোবেন না।
*০৩> সবসময় ঘরের চারপাশ পরিষ্কার রাখুন। ঘরের আশে পাশে ঝোপঝাড় গজাতে দেবেন না। ফুল বা সবজি বাগান আগাছা মুক্ত রাখুন।
*০৪> সবজি পাড়তে সতর্ক থাকুন কারণ সবুজ বা হালকা হলুদ রঙের পিট ভাইপার সাপ 🐍 মাচায় বা লতায় লতাপাতার রঙের সাথে মিশে থাকে যা সহজে চোখে পড়ে না।
 *০৫> পুকুর, নলকুপ, ঘরের বাইরে থাকা টয়লেট বাথরুম ইত্যাদি সচরাচর চলার পথ পরিষ্কার ও ঘাসমুক্ত রাখুন।
*০৬> যতটা সম্ভব বাড়িতে ইঁদুর, চিকা, টিকটিকির বাসা তৈরি হতে দেবেন না। ঘরের আসবাব ও অন্যান্য সামগ্রী নিয়মিত নাড়াছাড়া করুন। দীর্ঘদিন অব্যবহৃত কোন জিনিসে হাত দেওয়ার আগে সেখানে যে সাপ লুকিয়ে নেই তা নিশ্চিত করুন।
*০৭> স্তুপীকৃত বাঁশ, কাঠ, ইট, বালি, পাথর, খড়ের গাদা, জমা করে রাখা পশু পাখির খাবার ইত্যাদিতে সরাসরি হাত দেওয়ার আগে লাঠির ব্যবহার করুন। 
*০৮> রাতের বেলা মেজে ঘুমাবেন না। ঘুমানোর আগে বিছানা ভালোভাবে ঝেড়ে নেবেন। অবশ্যই মশারির ব্যবহার করবেন এবং মশারির চারদিক ভালো ভাবে গুঁজে দেবেন।
*০৮> সাপ যেমন মারবেন না তেমনি সাপের সাথে খেলা করতেও যাবেন না। যেহেতু আমরা বিষধর ও বিষহীন সাপ শনাক্ত করতে পারি না তাই নির্বিষ ভেবে সাপ ধরার চেষ্টা করবেন না। বাড়িতে সাপের উপস্থিতি টের পেলে প্রয়োজনে বনবিভাগ অথবা প্রশিক্ষিত ও অনুজ্ঞা প্রাপ্ত সর্প উদ্ধারকারীদের সহায়তা নেবেন।

(পরের পর্বে দূর্ভাগ্যবশত সর্প দংশনের শিকার হলে প্রাথমিক জরুরি কিছু করণীয় ও বর্জনীয় কাজ তুলে ধরা হবে)

ধন্যবাদ।
ফ. হাসান লস্কর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.