3, 4শ্রেণীর স্থানীয় সরকারি পদে বরাক বঞ্চিত অভিযোগ বি ডি এফের
নয়া ঠাহর , শিলচর,তৃতীয় ও চতুর্থ শ্রেণীর স্থানীয় পদে বরাকের প্রার্থীদের নিযুক্তি নগন্য - সাংবাদিক সম্মেলনে এসংক্রান্ত প্রাথমিক সমীক্ষার তথ্য তুলে ধরে এনিয়ে আন্দোলন চলবে বলে জানাল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট।
সম্প্রতি রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে ৫০০০০ নিযুক্তি দেওয়া হয়েছে ও বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্তদের এই সংক্রান্ত তালিকা সরকারি ওয়েবসাইট এ প্রকাশ করা হয়েছে। কিন্তু এবারেও বরাকের প্রার্থীরা যে বঞ্চিত হয়েছেন তার প্রমাণ স্বরূপ আজ শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এইসব তথ্যের একটি প্রাথমিক সমীক্ষার ফলাফল জনসমক্ষে তুলে ধরেন বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের সদস্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ ইউথ ফ্রন্টের মূখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে বরাকের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্থানীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত করতে হবে বলে অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছেন তাঁরা। তিনি বলেন এইসব পদের জন্য শেষ যে নিয়োগ পরীক্ষা হয় তাতে বরাকের প্রার্থীদের ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হয়েছে বলে খবর প্রকাশিত হয় এবং এনিয়ে এই উপত্যকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বনধের ডাক দেয় বিডিএফ এবং উপত্যকার আপামর জনসাধারণের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সেই বনধ সম্পুর্ন সফল হয়। এর পরিপ্রেক্ষিতে শিলচরে কেবিনেট বৈঠকে এসে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন যে বরাকের প্রার্থীরা মোটেই বঞ্চিত হননি এবং উত্তীর্ণের ২০ শতাংশ এই উপত্যকার ,এমনকি এই ব্যাপারে শিলচরের স্থান গৌহাটির পরেই। তিনি এও বলেন যে এইসব পদ বরাকের জন্য সংরক্ষিত হলে এবারের প্রার্থীরাই বঞ্চিত হবেন কারণ যতজন উত্তীর্ণ হয়েছেন তত পদ বরাকে নেই কাজেই অনেককেই বরাকের বাইরে নিযুক্তি দিয়ে পাঠাতে হবে। কিন্তু এরপর বিডিএফ এর পক্ষ থেকে বারবার জেলাভিত্তিক উত্তীর্ণদের তালিকা প্রকাশ করার আবেদন জানানো হলেও তাতে কর্ণপাত করেনি সরকার । এমনকি এই মর্মে আর টি আই করেও কোন জবাব মেলেনি। যাইহোক নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ন হবার পর বিভিন্ন বিভাগের সরকারি ওয়েবসাইট এ নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই তালিকা ভিত্তিক প্রাথমিক সমীক্ষার ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে যে এবারও চূড়ান্ত ভাবে বঞ্চিত হয়েছেন স্থানীয় প্রার্থীরা। একদিকে যেমন স্থানীয় পদে তদের নিয়োগ নগন্য তেমনি ব্রহ্মপুত্র উপত্যকায় ও তাদের খুব সল্পসংখ্যক নিযুক্তি পেয়েছেন।
উদাহরণস্বরূপ এদিন কল্পার্ণব বলেন যে 'এডমিনিস্ট্রেটিভ রিফর্ম ও ট্রেনিং বিভাগের ১৩ টি তৃতীয় শ্রেণীর পদে বরাকের কোন প্রার্থী নিযুক্তি পাননি। কৃষি বিভাগের ১৯৬ পদে বরাকের মাত্র তিনজনের নিয়োগ হয়েছে। বাকি ১৬ টি পদে বাইরের প্রার্থীরা নিযুক্তি পেয়েছেন। আসাম পুলিশের ১৫৮৭ পদের বিপরীতে বরাক থেকে নিযুক্তি পেয়েছেন ৯৬ জন , বরাকে বাইরে থেকে নিযুক্তি পেয়েছেন ৫১ জন। পশু চিকিৎসা ও পশুপালন বিভাগে ৩১৬ টি পদের বিপরীতে বরাক থেকে নিযুক্তি পেয়েছেন মাত্র ১৪ জন। বাইরের প্রার্থীর সংখ্যা দুই। হাউসিং এন্ড আরবান এফ্যায়ার্স বিভাগের ৩৭ টি পদের বিপরীতে বরাকের নিযুক্তি শূন্য। স্থানীয় দুটি পদে বাইরের প্রার্থীরা সুযোগ পেয়েছেন। এইভাবে তৃতীয় শ্রেণীর মোট ২৪৩১ পদের বিপরীতে বরাক থেকে নিযুক্তি ১৩৫ শতাংশের হিসেবে যা ৫.৪ শতাংশ। অন্যদিকে এই সমীক্ষায় দেখা গেছে স্থানীয় ১৯৬ পদে বরাকের বাইরে থেকে নিযুক্তির সংখ্যা ৯৩ , শতাংশের হিসেবে যা ৪৭.৭ শতাংশ।
কল্পার্ণব এদিন বলেন এর থেকে প্রমানিত যে মুখ্যমন্ত্রী যে ২০ শতাংশ উত্তীর্ণের কথা বলেছিলেন প্রকৃত নিযুক্তি তার চেয়ে অনেক কম , পাঁচ শতাংশেরও কম হবে। অপরদিকে বরাকের প্রায় অর্ধেক পদে বাইরের প্রার্থীদের নিযুক্তি দেওয়া হয়েছে। কল্পার্ণব বলেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে যেসব বাইরের প্রার্থীরা নিযুক্তি পেয়েছেন তাদের এই উপত্যকার সাথে কোন আত্মিক সম্পর্ক নেই। তাদের ক্ষেত্রে ভাষাগত সমস্যা হবে এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এসব প্রার্থীরা কিছুদিন কাজ করার পর বদলি নিয়ে এখান থেকে চলে যান, বা কাজে ফাঁকি দেন।
যুব ফ্রন্টের আরেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন লস্কর বলেন যে তাদের সমীক্ষা চলবে এবং আগামীতে বিগত নিযুক্তির সম্পুর্ন চিত্র জনসমক্ষে তুলে ধরা হবে। তবে তিনি নিশ্চিত তাতে ফলাফল একই থাকবে।
তিনি বলেন যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কাজ করার যোগ্যতা স্থানীয় প্রার্থীদের নেই এটা হতে পারে না। তাই এসমস্ত পদ বরাকের স্থানীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত করতে হবে। অন্যথা এই ইস্যুতে যুবফ্রন্টের আন্দোলন চলবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনহাজ হুসেন, হারাধন দত্ত, বাহার চৌধুরী প্রমুখ।
যুবফ্রন্টের পক্ষ থেকে দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।








কোন মন্তব্য নেই