ত্রিপুরাতে বিজেপির অন্দরে গোষ্ঠী বাজি চরমে
নয়া ঠাহর প্রতিনিধি, আগরতলা : মন্ত্রীসভা সম্প্রসারণ ঘিরে ত্রিপুরা বিজেপি দলের অন্দরে গোষ্ঠীবাজি আরো চরমে উঠবে বলে আশন্কা করছেন ত্রিপুরার রাজনৈতিক মহল। মঙ্গলবার ত্রিপুরার রাজভবনে বিপ্লব দেব মন্ত্রীসভার পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রামপ্রসাদ পাল, ভগবান চন্দ্র দাস ও বিদ্রোহী বিধায়কদের নেতা সুদীপ রায় বর্মনের হাত ধরে রাজনীতির অঙ্গনে এসে বিধায়ক হওয়া সুশান্ত চৌধুরী। বিজেপি জোট ক্ষমতায় আসার পর মন্ত্রী হয়েছিলেন সুদীপ রায় বর্মন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর সুদীপ রায় বর্মনকে বাদ দেওয়া হয় মন্ত্রীসভা থেকে। তারপর রাজনৈতিক শিষ্য সুশান্ত চৌধুরী ডিগবাজি খেয়ে বিপ্লব দেব গোষ্ঠীর সঙ্গে হাত মেলান৷ পরবর্তী সময়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান মত মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ বিজেপির অফিসিয়াল নেতাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে গুরু সুদীপ রায় বর্মনের পক্ষে চলে যান সুশান্ত চৌধুরী। ফের কয়েক মাস আগে রাতের বেলা মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে দেখা যায় সুশান্ত চৌধুরীকে। গুরু সুদীপ রায় বর্মনের সঙ্গ ত্যাগ করায় সুশান্ত মন্ত্রীন্ত পেলেও বিজেপি'র আভ্যন্তরীন দ্বন্দ্ব আরও প্রকট হবে দিনে দিনে। সুশান্ত চৌধুরীকে মন্ত্রী করায় ক্ষুদ্ধ বিপ্লব পন্হী বহু বিধায়কও। সব মিলিয়ে ত্রিপুরায় বিজেপি দলটা দু - ভাগ হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।









কোন মন্তব্য নেই