বিজেপি'র প্রাক্তণ রাজ্য সভাপতি রাহুল সিনহা কি তৃণমূলে যাচ্ছেন !
দেবকিশোর চক্রবর্তী, কলকাতা : বাংলায় এখন ভারতীয় জনতা পার্টির ভরা সংসার | অথচ বছর পাঁচেক আগেও এই বাংলায় বিজেপির এতোটা বাড়বাড়ন্ত ছিল না | সে সময় বঙ্গ বিজেপির ব্রিগেড প্রায় একাই দল সামলেছেন তিনি | তিনি রাহুল সিনহা , কঠিন সময়ে এই বাংলায় বুক চিতিয়ে রাজনীতি করেছেন | দীর্ঘ দিন সামলেছেন রাজ্য সভাপতি পদের গুরু দায়িত্ব | তারপর এই বাংলায় সারদা কেলেংকারির ঘটনা কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের উপর চাপ বাড়ায় | বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি ধরপাকড় শুরু করে | রাজ্যের শাসক দলের তৎকালীন সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় যেদিন অবধারিত হাজতবাস এড়াতে দল বদলে বিজেপিতে আশ্রয় নেন সেদিন থেকেই নতুন করে লেখা হয়ে যায় বঙ্গ বিজেপির লড়াকু নেতা রাহুল সিনহার ললাটলিপি | ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে জোড় করেই উঠিয়ে আনা হয় দিলিপ ঘোষকে | অন্যদিকে , রাহুলবাবুকে রাজ্য সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সর্বভারতীয় সম্পাদকের পদে | ওই পদ বদলের আছিলায় প্রকারান্তরে রাজ্য রাজনীতি থেকে তাঁকে প্রায় আড়াল করেই দেয়া হয় |
তৃণমূলের প্রাক্তণ মুকুলের প্রবেশেই দলের মধ্যে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন রাহুল | তারপর সময় গড়িয়ে যায় আপন তরঙ্গে | এজেন্সির চাপ এড়াতে ঘাষফুল ছেড়ে গেরুয়ায় সামিল হন তৃণমূল কংগ্রেসের তরুণতুর্কী শুভেন্দু অধিকারী | মুকুলে কপাল পুড়েছিল রাহুলের | শুভেন্দুর আগমনে ক্রমশ ফিকে হতে থাকল বঙ্গ বিজেপির দীর্ঘদিনের উজ্জ্বল কিছু মুখ | যেমন--বাগ্মী নেতা শমীক ভট্টাচার্য কিম্বা সাহসী বক্তা সায়ন্তন বসুর মতো নেতা | একটু খেয়াল করলেই দেখবেন প্রচারের আলো থেকে বহু যোজন দূরে চলে গেছেন শমীক-সায়ন্তনরা |
যদিও বিগত লোকসভা ভোটের পর থেকেই রাহুল সিনহাকে প্রায় জোর করেই সন্ন্যাস নিতে বাধ্য করা হয়েছে | এবার তো সর্ব ভারতীয় নেতৃত্ব থেকেই সরিয়ে দিয়েছে দল | স্বাভাবিকভাবেই অপমানিত হয়েছেন রাহুল | সম্প্রতি সংবাদ মাধ্যমে তাঁর কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা | খোদ নিজেই জল্পনা উস্কে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তণ রাজ্য সভাপতি রাহুল সিনহা | বাজারে জোর খবর বিজেপির প্রাক্তণ রাজ্য সভাপতি নাকি অভিমানে গেরুয়া ছেড়ে তৃণমূলে যোগ দেবেন | তবে স্বয়ং রাহুল অবশ্য বলছেন সময় হলেই জানাবেন তিনি বিজেপিতে থাকবেন নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন | সেই সঙ্গে এমন দাবিও তিনি করেছেন ,' দল বদল করার কথা আপাতত ভাবছি না | তবে তৃণমূল কংগ্রেসের দুই সম্মানীয় নেতা আমায় ফোন করেছেন | এটুকু বলতে পারি |'









কোন মন্তব্য নেই