Header Ads

কোভিড বিধি মেনে পালিত হল গ্ৰেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব


নয়া ঠাহর প্রতিবেদন, নয়ডা এক্সটেনশন: যদিও প্রথমাবস্থায় উত্তরপ্রদেশের যোগী সরকারের তরফ থেকে বাঙালির প্রধান উৎসব পালনে প্রশ্নবোধক চিহ্ন ছিল, তবে সমস্ত প্রতিকুলতাকে অতিক্রম করে সরকারি সব বিধি নিষেধ মেনে প্রবল উৎসাহ উদ্দীপনায় মাতৃ আরাধনায় মেতে ওঠেন গ্ৰেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো কমিটির সদস্যরা। এই পুজোর উদ্যোক্তারা খুব সুন্দর ও সুষ্ঠুভাবে শাস্ত্রীয় রীতি মেনে পুজোর আচার সম্পন্ন করেন। পুজোর দুদিন সাংস্কৃতিক কমিটির কচিকাঁচা ও অন্যান্য সদস্যরা ইউটিউবে ভিডিও তথা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের নাচ-গান-আবৃত্তি, গল্প পাঠ ও নাটক উপহার দিয়েছে। এ উপলক্ষে সপ্তমীর দিন সন্ধ্যায় গ্ৰেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সভাপতি বিদ্যজিৎ মুখোপাধ্যায়ের স্বাগত ভাষণের মাধ্যমে ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।

  পুজো কমিটির সভাপতি বিদ্যজিৎ মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন- "একটা কঠিন সময়ের মধ্যে আমরা চলছি, কোভিড অতিমারিতে অনেকেই জীবন যুদ্ধে পরাস্ত হয়ে গেছেন। রোজগার হারিয়ে পথে বসেছে হাজার হাজার মানুষ। অ্যাতো সব কিছুর পরও আমরা হার স্বীকার করিনি, আমরা প্রতিদিন, প্রতিনিয়ত বেঁচে থাকার অসীম লড়াই চালিয়ে যাচ্ছি। আর, আশা করে যাচ্ছি সুদিন ফেরার। এরই মধ্যে চলে এলো, বাঙালির একান্ত আপন, প্ৰিয় দুর্গোৎসব। যার অপেক্ষায় সারা বছর বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। দুর্গোৎসব সারা পৃথিবীর বাঙালিদের কাছে বেঁচে থাকার রসদ। কিন্তু সব প্রতিকূলতা উপেক্ষা করলেও এই করোনা ভাইরাস অতিমারিকে উপেক্ষা করা যাবেনা। উপেক্ষা করলেই মহা বিপদ। প্রাণনাশের আশঙ্কা। তাই সচেতন বাঙালি হিসেবে আমরা এবার খুব ছোট করে এই দুর্গোৎসব উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সরকার ও প্রশাসনের যাবতীয় বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, ছোট ছোট দলে সবাই যেন মাতৃ বন্দনায় মেতে উঠতে পারি, তার প্রতি দৃষ্টি রাখা হয়েছে। আমরা চাইনি পুজোর আনন্দ অনুষ্ঠান জীবনে নিরানন্দ ডেকে আনুক।" সরকারি নির্দেশাবলী ও আয়োজকদের অনুরোধ মেনে চলার জন্য পুজো সফলভাবে সম্পন্ন হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে পুজোর কটাদিন সদস্যরা আনন্দে মেতে ওঠেন
  সপ্তমীর ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি দুর্গা বন্দনা পাঠ করেন অ্যাসোসিয়েশনের সদস্যা সুধৃতি দত্ত। এরপর ছোটদের হযবরল শীর্ষক টিমের খুদে শিল্পী টিয়া কবি সুকুমার রায়ের একটি ছড়া আবৃত্তি করে শোনায়। গান গেয়ে শোনায়  খুদে শিল্পী দীপ চৌধুরী। একটি ধুনুচী নাচ পরিবেশন করে শিশুশিল্পী নিবেদিতা মুখোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনায় শিশুশিল্পী অনন্যা গুপ্ত। নৃত্য পরিবেশন করে বিপাশা দাস। শিশুশিল্পী দেবজিৎ বন্দোপাধ্যায় পরিবেশন করে একটি খুব সুন্দর গান। এরপর পরিবেশিত হয় ছোটদের হযবরল টিমের কোবিদ দত্ত, সমীর বক্সী এবং সৌরিন বক্সী অভিনীত সত‌্যজিৎ রায়ের লেখা নাটক ' বিপিন বাবুর স্মৃতিভ্রংশ' । পরবর্তীতে, অনিল দীওয়ান স্বর্ণযুগের দুটি গান পরিবেশন করে সবাইকে নস্টালজিক করে তোলেন। এরপর ইয়াসমিন আরা খাতুনের লেখা একটি ছোট গল্প 'বৌমার কথা ' পড়ে শোনান এসোসিয়েশনের সদস্যা পাঞ্চালি শ্যাম দেব। সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের কন্ঠে পরিবেশিত গান অনুষ্ঠানে ভিন্ন মাত্রা এনে দেয়। গৌরব বন্দোপাধ্যায়ের গান দিয়ে সপ্তমীর সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
  পরেরদিন অর্থাৎ অষ্টমীর সন্ধ্যায়ও  ইউটিউবে লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক কমিটি। এদিন একজন খুদে শিল্পীর 'রঙ্গবতী' নাচের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছোটদের হযবরল টিমের শিশুশিল্পী সিদ্ধান্ত গাঙ্গুলী সিন্থেসাইজারে কবিগুরু রচিত 'আনন্দলোকে মঙ্গলালোকে ' গানটি বাজিয়ে শোনায়। এরপর এই টিমের অপর এক শিশুশিল্পী বিপাশা দাস একটি সুন্দর নৃত্য পরিবেশন করে। এছাড়া, অ্যাসোসিয়েশনের সদস্যা সুধৃতি দত্ত কবিগুরুর 'আফ্রিকা' কবিতাটি আবৃত্তি করে শোনান। একে একে হযবরল ও কমিটির প্রত্যেক সদস্য-সদস্যাই নাচ, গান, আবৃত্তি ইত্যাদির ডালি সাজিয়ে দর্শকদের মনোরঞ্জন করেন।
  পূজা কমিটির জেনারেল সেক্রেটারি অনিমেষ মুখোপাধ্যায়, কোষাধ্যক্ষ মনোজ নিয়োগী, সাংস্কৃতিক দলের নেত্রী পাঞ্চালি শ্যাম দেব এবং অন্যতম সদস্য দ্বৈপায়ন চৌধুরী সহ সবারই গুরুত্বপূর্ণ যোগদান ছিল এবারের গ্ৰেটার নয়ডা ওয়েস্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোর সফল আয়োজনে। তাছাড়া, এই করোনা উদ্ভুদ্ধ পরিস্থিতিতে নয়ডা এক্সটেনশন এলাকায় এবারের দুর্গাপুজো সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করার জন্য প্রায় সবাই তৎপর ছিলেন। 
  আন্তর্জাতিক সাংবাদিক তথা নয়া ঠাহরের জাতীয় পরামর্শদাতা সম্পাদক রত্নজ্যোতি দত্ত পুজো সফলতাভাবে আয়োজন করার জন্য অ্যাসোসিয়েশনের সভাপতি বিদ্যজিৎ মুখোপাধ্যায় সহ পুজো কমিটির প্রত্যেক সদস্যদের শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.