মমতার বাংলায় নয়া সদস্যের হিড়িক দেখে উৎফুল্ল গেরুয়া শিবির
বিশ্বদেব চট্টোপাধ্যায় : বিজেপি এবার সর্বকালীন রেকর্ড গড়ে ১১ কোটি সদস্য থেকে এক লাফে ১৮ কোটি সদস্যের দলে রূপান্তরিত হয়েছে। সদস্য সংগ্রহ অভিযানে নেমে তিন মাসের মধ্যে এক লহমায় সাত কোটি সদস্য সংখ্যা বাড়িয়েছে বিজেপি। তার মধ্যে সবথেকে বেশি সদস্য বেড়েছে এই বাংলায়। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা খোদ জানিয়েছেন এই বার্তা।
শনিবার ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে শক্তি কেন্দ্র সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেপি নাড্ডা বলেন, বিজেপির সদস্যপদ সংগ্রহে ঢল নেমেছে পশ্চিমবঙ্গ আর জম্মু-কাশ্মীরে। এই প্রবণতা বিজেপির পক্ষে ইতিবাচক একটা দিক। বিজেপির প্রতি মানুষের এই আগ্রহ অন্য বার্তা দিচ্ছে আগামী দিনের জন্য।তিনি দাবি করেন, বাংলায় মাত্র ১০ লক্ষ সদস্যপদ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল বিজেপির। কিন্তু রাজ্যের মানুষের আগ্রহ দেখে লক্ষ্যমাত্রা ধাপে ধাপে বাড়ানো হয়। বাড়তে বাড়তে এখন ৮১ লক্ষে পৌঁছে গিয়েছে বিজেপির সদস্য সংখ্যা ! এই আগ্রহে ভর করেই বিজেপি এক কোটি লক্ষ্যমাত্রা রেখেছে এবার।
বাংলার পাশাপাশি ভূ-স্বর্গেও এবার দারুন সাড়া পেয়েছে বিজেপি। জম্মু-কাশ্মীরেও বিজেপিতে সদস্য হওয়ার প্রবণতা দেখা গিয়েছে। জম্মু-কাশ্মীরের করনা বিধানসভা এলাকাতেই ৬ হাজারের বেশি মানুষ বিজেপির সদস্য হয়েছেন। মোট কথা বাংলা ও জম্মু-কাশ্মীরে বিপুল মানুষের সাড়া পাওয়ায় বিজেপি উৎফুল্ল।
বিজেপির কার্যনির্বাহী সভাপতি বলেন, বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। সাত কোটি নতুন সদস্যের তথ্য সংগ্রহের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এটি শেষ হলে দলের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ১৮ কোটি। এই সংখ্যা একটি নতুন রেকর্ড। নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে এক সংবাদিক সম্মেলনে করে নাড্ডা এ কথা জানান।










কোন মন্তব্য নেই