ব্ল্যাকমানিটা ঠিক কী? খায় না মাথায় দেয়, মমতাকে কাটমানিতে বিদ্ধ করে প্রশ্ন মুকুলের
বিশ্বদেব চট্টোপাধ্যায় : ব্ল্যাকমানিটা ঠিক কী? প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর প্রশ্ন, ব্ল্যাকমানি খায় না মাথায় দেয় ! আসলে কাটমানি অস্বস্তি কাটাতে মুখ্যমন্ত্রী ওই ব্ল্যাকমানির অবতারণা করেছেন। মানুষ সবই শুনছেন, বুঝছেন। যথা সময়ে উনি জবাব পেয়ে যাবেন, পশ্চিম মেদিনীপুরের সভা থেকে এভাবেই গর্জে উঠলেন মুকুল রায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ডানহাত বলে পরিচিত মুকুল রায় এখন তোপ দাগছেন তাঁর প্রাক্তন নেত্রীকে। তিনি বলেন, কাটমানির প্রবক্তা তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। উনিই প্রথম কাটমানির কথা বলেছিলেন। তা নিয়ে আন্দোলন চলছে। তার জেরেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এখন পালাবার পথ না পেয়ে ব্ল্যাকমানির স্মরণ নিতে চাইছেন মুখ্যমন্ত্রী।
মুকুল রায় বলেন, কাটমানি ফেরত চেয়ে আন্দোলন দৃঢ় হচ্ছে বাংলায়। আর এই আন্দোলন যতই তীব্র হচ্ছে, ততই কপালে ভাঁজ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসলে সবথেকে বেশি কাটমানি তো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই। আমরা সেই সব কাটমানি উদ্ধার না করা পর্যন্ত আন্দোলন থেকে বিরত হব না। মুকুলের কথায়, নিজেই কাটমানির কথা বলে এখন বিপাকে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ব্ল্যাকমানির অবতারণা করে কাটমানি ইস্যুকে ধামাচাপা দিতে চাইছেন। কিন্তু সে আশায় জল ঢেলে দিয়ে বিজেপি আন্দোলনকে আরও তীব্র করবে।









কোন মন্তব্য নেই