ভারত-নিউজিল্যান্ডের সেমি-ফাইনাল, কী হতে পারে রিজার্ভ ডে-তে
বিশ্বদেব চট্টোপাধ্যায়: মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টির জন্য যখন বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল আটকে যায়, তখন প্রথম ইনিংসের ৪৬.১ ওভার বল করা হয়েছে। ৫ উইকেট হারিয়ে ২১১ রানে খেলছিল নিউজিল্যান্ড। রিজার্ভ ডে অর্থাৎ আজ সেখান থেকেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময়ানুসারে সকাল সাড়ে দশটায়--কিন্তু সকালের দিকেও বৃষ্টির পূর্বাভাস থাকায় খেলা শুরু করা যায় নি। খেলা শুরু হওয়ার কথা বিকেল ২-৫০ মিনিটে। তবে কোনও কারণে এদিনও বৃষ্টি ম্যাচের বাধা হয়ে দাঁড়ালে কী হবে? সেক্ষেত্রে আইসিসির কিছু নিয়মের দিকে চোখ বোলানো যাক।
রিজার্ভ ডে-তেও ম্যাচ হবে ৫০ ওভারেরই। অর্থাৎ আজ ৪৭তম ওভারের দ্বিতীয় বল থেকে ব্যাট করতে শুরু করবে নিউজিল্য়ান্ড। তারা খেলবে পুরো ৫০ ওভার। কিউই-রা যে টোটাল খাড়া করবে, ৫০ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছতে হবে ভারতকে।
যদি রিজার্ভ ডে-তেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি তবে ডার্ক ওয়াথ লুইস নিয়মের দিকে ভারত ও নিউজিল্যান্ডকে তাকিয়ে বসে থাকতে হবে। আর সেই নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে যদি নিউজিল্যান্ড ব্যাট করতেই না পারে বা ম্যাচ শুরু হতে দেরি হয়, তবে ফলাফলের জন্য নূন্যতম ২০ ওভার বল করাতেই হবে। ম্যাচ জিততে সেই ২০ ওভারে ভারতকে করতে হবে ১৪৮ রান। একই ভাবে ২৫, ৩০, ৩৫ এবং ৪০ ওভার ব্যাট করার সুযোগ পেলে বিরাট কোহলিদের লক্ষ্যমাত্রা গিয়ে পৌঁছবে যথাক্রমে ১৭২, ১৯২, ২০৯ ও ২২৩ রানে। নিউজিল্যান্ড সর্বোচ্চ ৪৬ ওভার বল করার সুযোগ পেলে ভারতকে তুলতে হবে ২৩৭ রান।
বৃষ্টির জন্য বুধবার যদি ২০ ওভারেও ম্যাচ না গড়ায় তবে লিগ পর্যায়ের অবস্থান ও নেট রান রেটের বিচারে ভারত ফাইনালে পৌঁছে যাবে।
মঙ্গলবারের ভারত-নিউজিল্যান্ড সেমি ফাইনাল ম্যাচের জন্য যাঁরা যে টিকিট কেটেছিলেন, সেই টিকিটেই রিজার্ভ ডে-র ম্যাচ দেখতে পারবেন বলে জানিয়েছে আইসিসি। কেউ ম্যাচ দেখতে আসতে না পারলেও সেই টিকিট অন্য কাউকে বিক্রি করা যাবে না বলেও জানানো হয়েছে।









কোন মন্তব্য নেই