হোজাই পুরবোর্ডে বিজেপি দায়িত্বে এল
নব-নির্বাচিত হোজাই পুরবোর্ডের দায়িত্বভার গ্রহণ: চেয়ারপার্সন পদে চতুর্থী রানী বিশ্বাস
সঞ্জিত সরকার, হোজাই,১৪এপ্রিল: প্রত্যাশা মতোই হোজাই পুরসভার চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত হলেন ৪ নং ওয়ার্ডের বিজেপি দলের কমিশনার চতুর্থী রানী বিশ্বাস ৷ যিনি ' খুশী ' নামেই সর্বাধিক পরিচিত হোজাইতে ৷ বাক্পটু চতুর্থী এ নিয়ে দ্বিতীয় বার হোজাই পুরসভার ' চেয়ারপার্সন' নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করলেন ৷ এর আগে কোন মহিলা ওয়ার্ড কমিশনার দ্বিতীয়বার চেয়ারপার্সন' পদে অধিষ্ঠিত হতে পারেননি ৷ ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন ৭নং ওয়ার্ডের কমিশনার প্রণব ঘোষ ওরফে পাপ্পু ঘোষ ৷ আজ হোজাই পুরসভার কমিউনিটি হলে আয়োজিত ৩নং ওয়ার্ডের কমিশনার বিশ্বজিৎ ঘোষের পৌরহিত্যে অনুষ্ঠিত এক সভায় হোজাইর জেলাশাসক অনুপম চৌধুরী নব-নির্বাচিত চেয়ারপার্সন এবং ভাইস-চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে হোজাই পুরসভার দায়িত্বভার সমঝে দেন শপথ গ্রহণের মাধ্যমে ৷ শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাথে এক সাক্ষাত্কারে, নব-নির্বাচিত পুরনেত্রী হোজাই শহরে বিগত ১৫বছর যাবৎ ৭নং থেকে ১৪নং ওয়ার্ড পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকার ব্যপারে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ৷ এ ছাড়াও শহরের সমস্ত উন্মুক্ত নালা-নর্দমা পাকাপাকিভাবে ঢেকে রাখার ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ৷ আজকের সভায় হোজাই পুরসভার ১৯জন নব-নির্বাচিত ওয়ার্ড কমিশনারও শপথ গ্রহন করেন ৷ সভায় হোজাইর বিজেপি বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, জেলা পরিষদ সভানেত্রী রমাবলা দেবী সহ অন্যন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ৷ উল্লেখ্নীয় ব্যাপার যে, নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান প্রণব ঘোষ ওরফে পাপ্পু ঘোষ সাংবদিকদের সামনে কোনও ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন ৷ যা নিয়ে উপস্থিত অনেকেই আশ্চর্য প্রকাশ করেছেন ৷








কোন মন্তব্য নেই